ঝিনাইদহ সদরের কুশোবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ কর্মী সিরাজুল ইসলাম ওরফে রিন্টু মুন্সী হত্যাকাণ্ডের পর ইউনিয়নটির ১২টি গ্রামে প্রায় একশ’ বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় সাথে জড়িত থাকার অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ জানান, জেলার সদর উপজেলার ফুরুসন্দি ইউনিয়নের কুশোবাড়িয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মঙ্গলবার রাতে দুর্বৃত্তদের গুলিতে রিন্টু মুন্সী নিহত হন। তিনি মাড়ন্দী গ্রামের বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে ফুরুসন্দি ইউনিয়নের ১২ গ্রামে বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। এসব ঘটনায় সদর থানায় বৃহস্পতিবার বিকালে ভাংচুর ও লটুপাটের ৫ টি মামলা হয়। পুলিশ বৃহস্পতিবার থেকে শনিবার ভোর পর্যন্ত ৩৭ জনকে গ্রেফতার করে।
