বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলীসহ সাতজন নিহত হয়েছেন। গত রবিবার ও গতকাল সোমবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—
জামালপুর: মেলান্দহে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক উপ-সহকারী প্রকৌশলী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় জামালপুর-মেলান্দহ সড়কের মালঞ্চ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদ (৬০) ইসলামপুর উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী। তিনি জামালপুর শহরের নয়াপাড়া এলাকার বাসিন্দা।
মাগুরা: মাগুরা ঝিনাইদহ সড়কের মাগুরা সদর উপজেলার ইছাখাদা নামকস্থানে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। নিহতরা হলেন, ফরিদপুর জেলার কামারখালী এলাকার মুক্তার খানের ছেলে আরএফএল ট্রাকের হেলপার নইম খান (৩০) ও মুন্সীগঞ্জের শাহাজান খানের ছেলে অপর ট্রাকের চালক শাহাদত (২৮)।
ঘিওর (মানিকগঞ্জ): ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের চাপায় ছোটন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রবিবার রাতে মহাসড়কের ঘিওর উপজেলার তরা এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি বাসচাপায় মারা যায় ছোটন। মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকার পারভেজ খান পাবেলের ছেলে ছোটন।
বাগেরহাট : মোল্লাহাটে বাস চাপায় পথচারী অজ্ঞাতনামা (৬৫) এক নারী নিহত হয়েছেন। গত রবিবার রাতে বাগেরহাট-মাওয়া মহাসড়কে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রসাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, দিনাজপুর সদর উপজেলায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল উপজেলার চুনিয়াপাড়া এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদরের বনতারা গ্রামের আনিস (৩৫) ও আমতলী গ্রামের আবদুস সামাদ (৬৫)।
