রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আফজল গ্রামে স্ত্রী রীনা বেগমকে (২০) হত্যার অভিযোগে গতকাল শনিবার ভোরে স্বামী মোহাম্মদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে রীনা বেগমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রীনা কমলনগর উপজেলার চর ফলকন এলাকার মিলন মিস্ত্রীর মেয়ে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ (পিপিএম) জানান, পারিবারিক কলহের জের ধরে মোহাম্মদ আলী শুক্রবার গভীর রাতে তার স্ত্রীকে মারধর করে এবং এক পর্যায়ে গলায় শাড়ি পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরে লাশ ঘরে রেখে সে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং স্থানীয় লোকজনের সহায়তায় মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।
লাশ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
