চ্যাম্পিয়নদের লজ্জায় ডোবাল নেদারল্যান্ড

আপডেট : ১৪ জুন ২০১৪, ২২:৪৫
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে ৫-১ ব্যবধানের হারে শুরুতেই চাপে পড়ে গেছে স্পেন। এদিকে বি গ্রুপের অন্য ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে শিরোপাধারী স্প্যানিয়ার্ডদের উপর চাপটা আরো বাড়িয়ে দিয়েছে চিলি। গত শুক্রবার রাতে এবারের আসরের তো বটেই বিশ্বকাপের ইতিহাসেরও অন্যতম আলোচিত এক ম্যাচ দেখল বিশ্ববাসী। আরিয়েন রোবেন, রবিন ফন পার্সিদের জোড়া গোলে স্পেনকে বিধ্বস্ত করে গত বিশ্বকাপের ফাইনাল হারের মধুর এক প্রতিশোধ নেয় ডাচরা। ডাচদের জন্য ক্ষণটা ছিল যতটা আনন্দের, ঠিক ততটাই হতাশার ছিল স্প্যানিয়ার্ডদের জন্য। সেই ১৯৬৩ সালে স্কটল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে হারের পর স্পেনের ফুটবল ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় হারের ঘটনা। হারের পাশাপাশি স্প্যানিয়ার্ডদের আরো চাপে ফেলে দিয়েছে গোল সংখ্যা। একটিমাত্র গোল দেয়ার বিনিময়ে তাদের হজম করতে হয়েছে পাঁচ পাঁচটি গোল। ফলে গোল ব্যবধানে এখন বি গ্রুপে পয়েন্ট টেবিলের সবচেয়ে নীচের দলটির নাম স্পেন। স্পেনের হারের রাতে অস্ট্রেলিয়াকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শূভ সূচনা করেছে লাতিন আমেরিকার দেশ চিলি। ডাচদের জয়ের নায়ক যদি হন রোবেন-পার্সি তাহলে চিলির জয়ের নায়ক অ্যালেক্সিজ সানচেজ। এই বার্সেলোনা স্ট্রাইকার প্রথম গোলটি করার পাশাপাশি ভালদিভার দ্বিতীয় গোলেরও যোগান দিয়েছেন। নেদারল্যান্ডসের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে তারা। ১৮ জুন পরবর্তী ম্যাচে স্পেনের মোকাবেলা করবে চিলি। অন্যদিকে শুক্রবার রাতের প্রথম ম্যাচে মুখোমুখি হয় এই গ্রুপের দুই দল ক্যামেরুন ও মেক্সিকো। রেফারিংয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে এই ম্যাচেও। দুই দলের একাধিক গোল অফসাইডের কারণে বাতিল করেন রেফারি। যদিও টিভি রিপ্লেতে দেখা যায়, ক্যামেরুনের চুপো-মেটাংয়ের গোলটি অফসাইড ছিল না। কোন দল প্রথমার্ধে গোল করতে না পারায় ৬১ মিনিটে মেক্সিকোর পেরালটার গোলটিই হয়ে ওঠে ফল নির্ধারণী। জিওভান্নি দস সান্তোসের নীচু একটি শট ক্যামেরুনের গোলরক্ষক ইটানজে রক্ষা করলেও তা থেকে বল পেয়ে পেরালটা জালে জড়ান। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে মেক্সিকো। িবশ্বকাপ ফুটবল আজকের খেলা সুইজারল্যান্ড-ইকুয়েডর, রাত ১০ টা ফ্রান্স-হন্ডুরাস, রাত ১ টা আর্জেন্টিনা-বসনিয়া, শেষরাত ৪টা