যৌথ পরিবার ব্যবস্থা ভেঙ্গে তৈরি হচ্ছে একক পরিবার বাড়ছে প্রবীণদের দুর্ভোগ

আপডেট : ১৪ জুন ২০১৪, ২২:৫০
বিশ্বায়নের এই যুগে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙ্গে তৈরি হচ্ছে একক পরিবার। এতে করে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগে পড়ছেন আমাদের প্রবীণরা। প্রযুক্তিনির্ভর এই সমাজ ব্যবস্থায় দিন দিন বাড়ছে নবীন ও প্রবীণ প্রজন্মের মধ্যে মানসিক দূরত্ব। এতে অনেক ক্ষেত্রেই প্রবীণরা অসদাচরণের শিকার হচ্ছেন। এ অসদাচরণ রোধে বিশ্বব্যাপী আজ রবিবার ১৫ জুন পালিত হচ্ছে প্রবীণদের প্রতি অসদাচরণ বিষয়ক বিশ্ব সচেতনতা দিবস ২০১৪। দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত জেরোন্টোলজি ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার (এক বছরের স্পেশালাইজড মাস্টার্স প্রোগ্রাম), বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল এসোসিয়েশন (বিজিএ) এবং বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।স মানববন্ধন শেষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে প্রবীণদের প্রতি অসদাচরণরোধে আমাদের করণীয় শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং বাংলাদেশ জেরোন্টোলজিক্যাল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো: রবিউল ইসলাম। সেমিনারে আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য কাজী রেজাউল হক, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি প্রকৌশলী মো: নজরুল ইসলাম, হেল্প এইজ ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ডিরেক্টর মিসেস নির্ঝারানী হাসান প্রমুখ। সেমিনার সঞ্চালন করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এ এস এম আতিকুর রহমান এবং সভাপতিত্ব করেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো: নূরুল ইসলাম।