নারায়ণগঞ্জে র্যাবের অফিস পরিদর্শন তদন্ত কমিটির

আপডেট : ১৪ জুন ২০১৪, ২২:৫১
আলোচিত সাত খুনের ঘটনায় হাইকোর্টের নির্দেশে গঠিত তদন্ত কমিটি গতকাল শনিবার নারায়ণগঞ্জে র্যাবের অফিস পরিদর্শন করেছে। এসময় কমিটির লোকজন র্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন ও ভেতরে বিভিন্ন স্থান ঘুরে দেখেন বলে জানা গেছে। তবে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। জানা গেছে, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর ও শহরের পুরাতন কোর্ট এলাকাতে অবস্থিত স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির ক্যাম্প অফিসে অবস্থান করে তদন্ত কমিটি। প্রসঙ্গত, এই সাত খুনের ঘটনায় র্যাবের কর্মকর্তারা জড়িত রয়েছে বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠে। র্যাব-১১ এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ ও উপ-অধিনায়ক মেজর আরিফ হোসেনকে হাইকোর্টের নির্দেশে গত ১৬ মে ঢাকা সেনানিবাস থেকে গ্রেফতার করা হয়। পরদিন ১৭ মে গ্রেফতার হন এম এম রানা। আরিফ ও রানা ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আর রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে তারেক সাঈদের। ইতিমধ্যে তদন্ত কমিটি নারায়ণগঞ্জের প্রত্যাহারকৃত ডিসি, এসপিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ছাড়াও নিহতের পরিবার, সাক্ষী ও সুশীল সমাজের লোকজনদের সঙ্গে কথা বলেছে। তদন্ত কমিটির প্রধান জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান আলী মোল্লা। কমিটির অন্য সদস্যরা হলেন- জন প্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আবদুল কাইয়ুম সরকার ও আবুল কাশেম মো. মহিউদ্দিন, আইন মন্ত্রণালয়ের উপ-সচিব মোস্তাফিজুর রহমান ও মিজানুর রহমান খান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব শফিকুর রহমান ও সাঈদ মাহমুদ বেলাল হায়দার।