নানা ধরনের ভঙ্গুর সামগ্রী নিরাপদে পরিবহনের জন্য প্রায়ই সেগুলোকে ছোট ছোট বাতাস ভর্তি বাবলের তৈরি এক ধরনের প¬াস্টিকের আবরণ বা বাবল র্যাপ দিয়ে মোড়ানো হয়। এ ধরনের পণ্য ব্যবহারের জন্য মোড়ক থেকে বের করে নেওয়ার পর অনেকেই শখের বশে বাবলগুলো ফোটাতে শুরু করেন। আর দেখতে-শুনতে শিশুতোষ এই কাজটি করেই সম্প্রতি গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া প্রদেশের লনছেস্টনে অবস্থিত রিভারসাইড প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা। সবমিলিয়ে ৬৪৭ জন শিক্ষার্থীর একই সাথে বাবল র্যাপ ফোটানোর মধ্য দিয়ে একসাথে সবচেয়ে বেশি মানুষের এ ধরনের কাজ করার রেকর্ডটি তৈরি হয়। মজার বিষয় হলো, এই রেকর্ডের মাত্র সপ্তাহ খানেক আগেই আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত গনজাগা কলেজের ৫৫০ জন শিক্ষার্থী রেকর্ডটি নিজেদের নামে লিখিয়েছিল।
