জি-৭৭ শীর্ষ সম্মেলন শুরু

আপডেট : ১৫ জুন ২০১৪, ২১:০৬
বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের নেতৃবৃন্দের অংশগ্রহণে দ্য কোমেমোরেটিভ সামিট অব জি ৭৭ এন্ড চায়না’ শনিবার সন্ধ্যায় বলিভিয়ার সান্তা ক্রুজ শহরে শুরু হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন। সম্মেলনে তিনি বিশ্বে দারিদ্র্য নিরসন কর্মসূচি তুলে ধরবেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের উপস্থিতিতে বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস আয়মা জি ৭৭’এর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্থানীয় সময় রাত আটটায় জি ৭৭ শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনের প্রতিপাদ্য ‘ফর এ নিউ ওয়ার্ল্ড অর্ডার ফর লিভিং ওয়েল’। রাষ্ট্রপতি আবদুল হামিদ সম্মেলন স্থলে পৌঁছার পর বলিভিয়ার প্রেসিডেন্ট জুয়ান ইভো মোরালেস আয়মা তাঁকে স্বাগত জানান। শীর্ষ সম্মেলনে বাংলাদেশের রাষ্ট্রপতি ছাড়াও জি ৭৭ ভুক্ত ৩০টিরও বেশি দেশের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী অংশ নিচ্ছেন। সম্মেলনে তাঁরা খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচনসহ ধরিত্রী রক্ষার টেকসই উপায় সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। উদ্বোধনী অধিবেশনে বান কি মুন দারিদ্র্য বিমোচন ও অসমতা দূর এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একযোগে কাজ করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। রাষ্ট্রপতি আবদুল হামিদের রবিবার সম্মেলনে ভাষণ দেয়ার কথা। এছাড়া বলিভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফেক্সপোক্রুয়েজের বাংকোয়েট হলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে এক আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেন। এর আগে শনিবার সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সান্তা ক্রুজে ৫শ’ বছরেরও বেশি পুরনো ইউনেস্কো ঘোষিত হ্যারিটেজ সাইট ‘মেট্রোপলিটানা বাস লিকা দি সান লরেঞ্জো ক্যাথেড্রাল’ও পরিদর্শন করেন।