টঙ্গীতে ডিবির গাড়িতে হামলা গুলি ও লাঠিচার্জে আহত ১

আপডেট : ২৮ মে ২০১৯, ০০:০৯

টঙ্গীতে গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা ডিবি পুলিশ স্থানীয় সাহারা মার্কেট ও বিসিক এলাকায় অভিযান চালিয়ে জুট ব্যবসায়ী খালেদ সাইফুল্লাহ, মো. আশিকুর রহমান আশিক ও মো. জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে। ডিবি পুলিশের দাবি অনুযায়ী গ্রেফতারকৃতদের থেকে ৩টি বিদেশি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। ঢাকা ডিবি পুলিশের একটি সূত্র জানায়, উপরোক্ত ৩ জনকে আগ্নেয়াস্ত্রসহ বিসিক এলাকা থেকে গ্রেফতারের পর তাদের ঢাকায় নিয়ে যাওয়ার সময় রেলগেট এলাকায় তাদের সহযোগীরা ডিবি পুলিশের গাড়িতে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে। এসময় ডিবি পুলিশেরা আত্মরক্ষার্থে এবং গ্রেফতারকৃতদের ছিনিয়ে নেওয়ার আশংকায় এলোপাতারি গুলি ছোঁড়ে। এতে মোমেন হোসেন নামে ১ জন গুলিবিদ্ধ হন।

আটকরা হলেন, গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানার পাগার মধ্যপাড়া এলাকার মৃত হাজী হেদায়েত উল্লার ছেলে খালেদ সাইফুল্লাহ সেলিম, লক্ষিপুরের ইসলামপুর থানার বিনোদপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে মো. আশিকুর রহমান আশিক এবং নেত্রকোনার চল্লিশা থানার বাগড়া উত্তর পাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. জাহাঙ্গীর আলম। তারা তিনজনই বিসিক এলাকার মিল কারখানার ওয়েস্টেজ মালের ব্যবসা করতেন বলে জানা গেছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।