বর্ষার শুরুতেই শতাধিক পরিবার গৃহহীন

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৩৫
জেলার ইসলামপুর উপজেলার কুলকান্দি হার্ড পয়েন্ট থেকে শুরু করে গুঠাইল বাজার হার্ড পয়েন্ট পর্যন্ত সাড়ে ৪ কিমি এলাকা জুড়ে যমুনার ভাঙ্গন অব্যাহত রয়েছে। বর্ষার শুরুতে বেলগাছা ইউনিয়নের মাঝপাড়া ও ঘোনাপাড়া এলাকায় প্রায় শতাধিক পরিবার গৃহহারা এবং তাদের বসতবাড়ি, মসজিদ, ফসলি জমি, অসংখ্য গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। অব্যাহত ভাঙ্গনে ঐতিহ্যবাহী গুঠাইল বাজার ও হার্ড পয়েন্ট হুমকির মুখে পড়েছে। এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে চলতি মৌসুমে বাজার ও হার্ড পয়েন্ট যমুনার গর্ভে বিলীন হবে। গত ১২ জুন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিছুল ইসলাম মাহমুদ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত মহিলা এমপি মাহজাবিন খালেদ বেবীসহ পাউবোর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভাঙ্গন এলাকা পরিদর্শন করে জরুরিভিক্তিতে ভাঙ্গন রোধের ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছেন। এদিকে ভাঙ্গনের তীব্রতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। জরুরিভিত্তিতে ভাঙ্গন ঠেকাতে না পারলে গুঠাইল বাজার ও হার্ড পয়েন্ট নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেলগাছা ইউপির চেয়ারম্যান আব্দুল খালেক, চিনাডুলী ইউপির চেয়ারম্যান আব্দুস ছালামসহ এলাকাবাসী জরুরিভিত্তিতে ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে অনুরোধ করছেন।