বাংলাদেশে মার্স রোগী শনাক্ত

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৩৭
অবশেষে বাংলাদেশে মার্স ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে এ পর্যন্ত ২৮২ জনের মৃত্যু হয়েছে। ২০১২ সালে এই ভাইরাস ধরা পড়ার পর এ পর্যন্ত শুধু সৌদি আরবেই ৬৮৮ জনকে শনাক্ত করা হয়েছে। বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় বিশ্বে এ পর্যন্ত ২২টি দেশে এই রোগী শনাক্ত করা হলো। তবে যে রোগীর শরীরে মার্স ভাইরাস পাওয়া গেছে তিনি যুক্তরাষ্ট্র থেকে আবুধাবি হয়ে গত ৪ জুন দেশে ফিরেছেন। ৫৩ বছর বয়সী ওই একমাত্র রোগীকে শনাক্ত করেছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। বর্তমানে ওই রোগীকে একটি হাসপাতালে চিকিত্সা দেয়া হচ্ছে। আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, ‘আমরা বিষয়টি বিশ্বস্বাস্থ্য সংস্থাকে জানিয়েছি।’ এই রোগী গত ৪ জুন দেশে ফেরেন। এরপর ৬ জুন তার শরীরে ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দেয়। ৯ জুন প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে ওই রোগী হাসপাতালে ভর্তি হন। আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন জানিয়ে তিনি বলেন, হাসপাতালে তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেয়া হয়েছে। আইইডিসিআর এ পর্যন্ত ৩৯ জনের স্বাস্থ্য পরীক্ষা করে একজনের শরীরে ভাইরাসটি শনাক্ত করতে পেরেছে বলে জানান তিনি। মধ্যপ্রাচ্য থেকে আসা ভাইরাসটি দেশে যেহেতু এখনো ছড়িয়ে পড়েনি, তাই এ ব্যাপারে সবাইকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থার মার্স রিভিউ কমিটির বিশেষজ্ঞ সদস্য অধ্যাপক রহমান। অধ্যাপক মাহমুদুর আরো বলেন, বিদেশ ফেরত কেউ অসুস্থবোধ করলে আমরা তাদের দ্রুত হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দিয়েছি। এ ভাইরাসে আক্রান্ত আরো কাউকে পাওয়া গেলে আইইডিসিআরকে সঙ্গে সঙ্গে তা জানাতে হাসপাতালগুলোকে পরামর্শ দেয়া হয়েছে। ভাইরাস শনাক্তকরণে বিশ্বস্বাস্থ্য সংস্থা অনুমোদিত গবেষণাগার রয়েছে আইইডিসিআরের। নতুন এই ভাইরাসের সংক্রমণ বিষয়ে দেশে দেড় হাজার চিকিত্সককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান তিনি।