সাভার ট্র্যাজেডি

রানার বাবা-মাসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ১৫ জুন ২০১৪, ২২:৩৮
নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করার অপরাধে রানা প্লাজার মালিক সোহেল রানার বাবা-মা ও পৌর মেয়রসহ ১৭ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুপুরে দুদকের উপ-পরিচালক এস এম মফিদুল ইসলাম বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার কমিশন এ মামলার অনুমোদন দেয়। দুদকের উপ-পরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য (জনসংযোগ) জানান, জমির মালিকানা ও ভবনের নকশা অনুমোদন সংক্রান্ত নথিপত্রে সোহেল রানার কোন সংশ্লিষ্টতা না থাকায় তাকে এ মামলায় আসামি করা হয়নি। জমি ও ভবনের মালিক রানার বাবা আব্দুল খালেক হলেও ভবনটির পরিচালনার সার্বিক দায়িত্ব পালন করতো সোহেল রানা। মামলায় যাদের আসামি করা হয়েছে, তারা হলেন- রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা বেগম, সাভার পৌরসভার মেয়র মো. রেফায়েত উল্লাহ, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী খান, স্থপতি এ টি এম মাসুদ রেজা, প্রকৌশলী সাজ্জাদ হোসাইন, সাভার পৌরসভার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, সাভার পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী রকিবুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান, সাবেক শহর পরিকল্পনাবিদ ফারজানা ইসলাম, লাইসেন্স পরিদর্শক মো. আবদুল মোতালিব, পৌরসভার সাবেক সচিব আবুল বাশার, ফ্যান্টম অ্যাপারেলস অ্যান্ড ফ্যান্টম টেক লিমিটেডের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, নিউওয়েব বটমস ও নিউওয়েব স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক বজলুস সামাদ এবং ইথারটেঙ্রে চেয়ারম্যান মো. আনিসুর রহমান।