নারায়ণগঞ্জ-৫ আসনের উপ-নির্বাচনে সহিংসতার আশংকা করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সভায় উল্লেখ করা হয়, নির্বাচনে ভোটকেন্দ্র দখল ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটতে পারে। এজন্য স্ট্যান্ডবাই (প্রয়োজন পড়লে ছুটে যাবে) রাখা হবে র্যাবের হেলিকপ্টার। নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসনের মধ্যে টানাপোড়েন নিয়ে উদ্বেগ জানানো হয় সভায়। সভাসূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল রবিবার দুপুরে শেরেবাংলা নগরের ইসি কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেন, ভোটকেন্দ্র দখল না হয় সেই ব্যবস্থা নিতে হবে। এজন্য শুধু ভোটকেন্দ্রের বাইরের পরিবেশ ভালো রাখলে হবে না, নির্বাচন সংশ্লিষ্ট সবকিছুর সুরক্ষা নিশ্চিত করতে হবে। সিইসি জানান, ডিসি, এসপি ও আরও (রিটার্নিং অফিসার) হলো অ্যাক্টর। তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নির্বাচনে সহিংসতা হতে পারে বলে কমিশনকে জানানো হয়। এজন্য র্যাব স্ট্যান্ডবাই রাখবে হেলিকপ্টার। একটি গোয়েন্দা বাহিনীর প্রতিনিধি জানান, সাত খুনের ঘটনায় সন্ত্রাসীরা সংশ্লিষ্ট এলাকার বাইরে রয়েছে। তবে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল পুরাতন ও জটিল। বিএনপি-জামায়াত কর্মী-সমর্থকরা জাতীয় পার্টি-জাপা প্রার্থীর বিপক্ষে কাজ করবে। ১৯ দলীয় জোট সমস্যা করতে পারে। বড় ধরনের সংঘাত না হলেও ছোটখাট সংঘাত হতে পারে। এজন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের পরামর্শ দেন ওই প্রতিনিধি।
আরেকটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকা আছে। ধাওয়া-পাল্টা ধাওয়া হতে পারে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হতে পারে। কমিশনের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর এই সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড, ডিজিএফআই, এনএসআই’র প্রতিনিধিসহ ঢাকা বিভাগীয় কমিশনার, নির্বাচন কমিশনার, সচিব ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি’র দায়িত্বশীল কর্মকর্তারা ইত্তেফাককে জানান, উপ-নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এপিবিএন ও ব্যাটালিয়ন আনসার নিয়োগ করা হচ্ছে। এ আসনের জন্য র্যাবের পৃথক ১৬টি মোবাইল টিম মোতায়েন করা হবে। এছাড়া চার প্লাটুন বিজিবি সদস্য স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকবে। পাশাপাশি অপরাধীদের তাত্ক্ষণিক সাজা দিতে চারজন নির্বাহী ও দুইজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হচ্ছে।
সভা শেষে বিকাল ৫টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নারায়ণগঞ্জ খুব সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গা। এজন্য নারায়ণগঞ্জ উপ-নির্বাচনে সতর্ক দৃষ্টি রাখবে কমিশন। এরই মধ্যে সকল নির্বাচন কর্মকর্তাকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, গোয়েন্দাদের তথ্য মোতাবেক এখনো এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে।
