অষ্টগ্রামে নৌ-ডাকাতের গুলিতে একজন নিহত

আপডেট : ১৬ জুন ২০১৪, ২০:৪৯
রবিবার রাতে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের কারনলা গ্রাম সংলগ্ন ধলেশ্বরী নদীতে নৌ-ডাকাতদের গুলিতে ট্রলার যাত্রী আবু হোসেন (৫০) নিহত হয়েছেন। তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিনাথপুর গ্রামে। গুলিবিদ্ধ অপর ট্রলার যাত্রী সাদ্দামকে (২০) বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে দশটার দিকে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তি ট্রলারযোগে অষ্টগ্রাম উপজেলা সদর থেকে বাজিতপুরের হুমায়ূনপুর যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছামাত্র অপর একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে ডাকাতরা এসে ট্রলার যাত্রীদের উপর চড়াও হয় এবং লুটপাট শুরু করে। ডাকাতরা যাত্রীদের নিকট থেকে নগদ ৩ লাখ ২৭ হাজার টাকা ও নয়টি মোবাইল নিয়ে যায়। ডাকাত দলকে প্রতিহত করার চেষ্টা করলে তারা যাত্রীদের উপর গুলি ছোঁড়ে এবং কয়েকজনকে ছুরিকাঘাত করে। গুলিবিদ্ধ ২ জনকে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সাধীন অবস্থায় রাতেই আবু হোসেন মারা যান। গতকাল সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার বিকাল পর্যন্ত মামলা দায়ের কিংবা কেউ গ্রেফতার হয়নি।