খালেদা জিয়ার রিট আবেদনের শুনানি বুধবার

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১২
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাষ্ট দুর্নীতির মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দায়েরকৃত দুটি রিট আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের তৃতীয় বেঞ্চের বিচারপতি কাজী রেজাউল হক সোমবার এ আদেশ দেন। খালেদা জিয়ার দুটি রিট আবেদন শুনানির জন্য তৃতীয় বেঞ্চের কার্যতালিকায় অন্তর্ভুক্ত ছিল। সকালে তার পক্ষে এডভোকেট এজে মোহাম্মদ আলী সময় চেয়ে বলেন, এই দুটি রিট আবেদনের ওপর হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে। আদেশের অনুলিপি এখনো আমরা পাইনি। এজন্য শুনানি মুলতবি করা হোক। এরপর আদালত শুনানি মুলতবির আদেশ দেন। একইসঙ্গে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে আদেশের অনুলিপি খালেদা জিয়ার আইনজীবীদেরকে দ্রুত সরবরাহের নির্দেশ দেন। এসময় খালেদা জিয়ার পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন, এডভোকেট এম আসাদুজ্জামান, ব্যারিস্টার এহসানুর রহমান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম ও ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিত রায়। খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, তৃতীয় বিচারপতির বেঞ্চে শুনানি করতে বিভক্ত আদেশের অনুলিপি দরকার হয়। প্রসঙ্গত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাষ্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন আগামী ১৯ জুন ধার্য রয়েছে। এর আগে অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে খালেদা জিয়ার করা দুটি রিভিশন মামলা গত ২৩ এপ্রিল খারিজ করে দেয় হাইকোর্টের আরেকটি ডিভিশন বেঞ্চ।