এবার রাবিতে শিবির নেতার পায়ের গোড়ালী কর্তন

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৩
কুপিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল শাখা শিবিরের সাধারণ সম্পাদক রাসেল আলমের ডান পায়ের পাতা বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। তার দুই পায়ে দু’টি গুলিও করা হয়। সোমবার বিকেল সোয়া চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রাসেলকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স আন্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। শিবির অভিযোগ করেছে কাজটি ছাত্রলীগের। তবে ছাত্রলীগ এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে। ঘটনার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ মঙ্গলবার রাজশাহী শহরে আধা বেলা হরতালের ঘোষণা দিয়েছে শিবির। উল্লেখ্য, এর আগে ২৯ এপ্রিল ছাত্রলীগ নেতা মাসুদ রানার পায়ের পাতা বিচ্ছিন্ন করে দেয় শিবির। এদিকে গতকাল পুলিশ ইসলামী ছাত্র শিবির, রাবি শাখার মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু ওরফে হাসিবুর রহমান হাসিবকে গ্রেপ্তার করে। তিন জেলায় আজ অর্ধদিবস হরতাল আহবান রাজশাহী অফিস জানান, রাসেল মাহমুদের উপর হামলার প্রতিবাদ ও জড়িতদের অবিলম্বে গ্রেফতার দাবিতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে ছাত্র শিবির। হরতাল আহবানের পর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।