প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে চোখের অপারেশনের ফলোআপ রাজধানীর দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে করালেন। গতকাল সোমবার সকালে তিনি ধানমন্ডির সোবহানবাগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হকের কাছে যান। অপারেশন পরবর্তী চক্ষু পরীক্ষা করান প্রধানমন্ত্রী। তার চোখের গ্লুকোমা পরীক্ষা করা হয় এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়।
ডা. দ্বীন মোহাম্মদ নুরুল হকের নেতৃত্বে ৪ সদস্যের বোর্ড প্রধানমন্ত্রীর চক্ষু পরীক্ষা করেন। ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক বলেন, অপারেশনের পর প্রধানমন্ত্রীর চোখ এখন ভালো আছে। আমরা প্রধানমন্ত্রীকে পরীক্ষা নিরীক্ষা করেছি, তাকে নতুন চশমা দিয়েছি, গ্লুকোমা পরীক্ষা করেছি। এদিকে দ্বীন মোহাম্মদ নূরুল হক আই হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে এরকম হাসপাতাল আরো গড়ে ওঠা প্রয়োজন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক ডা. এনায়েত হোসেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও ডা. শেখ মোহাম্মদ হোসেন।
চোখের সমস্যায় গত ১৯ এপ্রিল সাধারণ রোগীদের মতো ১০ টাকায় টিকিট কেটে শেরে বাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্সা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সময় প্রধানমন্ত্রীকে চোখের উন্নত চিকিত্সার পরামর্শ দেন চিকিত্সকরা। চিকিত্সকদের পরামর্শ অনুযায়ী ১ মে লন্ডনে গিয়ে সেখানে চোখের চিকিত্সা করান শেখ হাসিনা। ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুরে মায়ের নামে স্থাপিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে ৫ টাকার টিকিট সংগ্রহ করে চোখ, নাক, কান ও গলাসহ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন সময় সাধারণ রোগীদের মতো চিকিত্সা নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
