রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

আপডেট : ১৬ জুন ২০১৪, ২২:১৬
আসন্ন রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট নামাজের জন্য বিরতি থাকবে। তবে সুপ্রিম কোর্ট, ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ রেলওয়ে, পোস্ট অফিস এবং এ ধরনের প্রতিষ্ঠান নিজেদের সুবিধামতো সময়সূচি নির্ধারণ করবে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইয়া প্রেস ব্রিফিংয়ে বলেন, প্রতিবছর রমজান মাসে অফিসসূচিতে পরিবর্তন আনা হয়। এবারো জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন অফিস সময়সূচির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রসঙ্গত, বর্তমানে অফিস সময় ৯টা থেকে ৫টা পর্যন্ত। এদিকে বিদ্রোহের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘বাংলাদেশ কোস্টগার্ড আইন ২০১৪’র খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। কোস্টগার্ডরা বিদ্রোহ করতে পারবে না- এমন বিধান যুক্ত করা হয়েছে এ আইনের খসড়ায়। এ প্রসঙ্গে মন্ত্রী পরিষদ সচিব বলেন, উপকূল রক্ষীদের একটি সু-শৃঙ্খল, দক্ষ ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলা এই আইনের লক্ষ্য। এছাড়া বাংলাদেশ ও কম্বোডিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য একটি যৌথ কমিশন গঠনের চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও মন্ত্রিসভায় অনুমোদন লাভ করেছে। দেশটির সঙ্গে একটি সাংস্কৃতিক সহযোগিতা চুক্তির প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা।