পুরান ঢাকার সূত্রাপুরে চোর সন্দেহে অজ্ঞাতপরিচয় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গত রবিবার গভীর রাতের কোনো এক সময়ে তার মৃত্যু হয়। পরে গতকাল সোমবার তার লাশ উদ্ধার করে পুলিশ। এদিকে উত্তরা ও দক্ষিণখান থেকে নারীসহ দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সূত্রাপুর থানার উপপরিদর্শক জানান, গত রবিবার রাত আড়াইটার দিকে ফরাশগঞ্জ লেনের বাসার দেয়াল টপকে ভেতরে ঢুকে অজ্ঞাতপরিচয়ের ওই যুবক। তিনি ওই বাসার একটি মোটরসাইকেল চুরি করতে গেলে বাসার লোকজন জেগে ওঠে। তারা ওই যুবককে আটকে পিটুনি দিয়ে ছেড়ে দেন। পরে গতকাল সকালে বাসাটির অদূরে মোহিনীমোহন দাস লেনে তার মৃতদেহ পাওয়া যায়। রাতের পিটুনির কারণেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। এদিকে উত্তরা-৮ নম্বর সেক্টরের গজারীপট্টি বস্তির পেছন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক জানান, খবর পেয়ে গতকাল লাশটি উদ্ধার করা হয়। অন্ত:সত্ত্বা ওই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
অপর ঘটনায় উত্তরা আধুনিক হাসপাতাল থেকে আবু বকর সিদ্দিক মনির (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ভর্তির পর ওই হাসপাতালে মারা যান। তিনি দক্ষিণখানের প্রেমবাগান এলাকার এক বাড়িতে থাকতেন।
