উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মুখোমুখি বৈঠকে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। চারদিনের সফরে জাপানে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাষ্ট্রীয় অতিথি ভবন আকাসাকায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অ্যাবে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প পূর্ণ সমর্থন দিয়েছেন বৈঠকের প্রতি। কিমের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার বিষয়টি গুরুত্ব পাবে। এছাড়াও তারা বাণিজ্য এবং পররাষ্ট্র নীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা নিয়ে ট্রাম্পের সঙ্গে মতবিরোধ হয় অ্যাবের। ট্রাম্প এই পরীক্ষাকে তেমন একটি গুরুত্ব দেননি। বরং ট্রাম্প কিমের প্রশংসা করেছেন এবং তাকে স্মার্ট বলে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এমন সময় কিমের প্রশংসা করলেন যখন তার নিরাপত্তা উপদেষ্টা বোল্টনকে উত্তর কোরিয়া ‘যুদ্ধবাজ’ বলে উল্লেখ করেছে। ট্রাম্প গতকাল এক সংবাদ সম্মেলনে বলেন, ইরানে শাসনক্ষমতা পরিবর্তনের কোনো ইচ্ছা যুক্তরাষ্ট্রের নেই। তিনি আশা করেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি হবে। -বিবিসি ও রয়টার্স
