রাজনৈতিক শক্তিকে সমঝোতার পথ বেছে নেয়া উচিত

আপডেট : ১৭ জুন ২০১৪, ২০:৪৭
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন সিএমজি বলেছেন, সকল রাজনৈতিক শক্তিকে সহিংসতা, বলপ্রয়োগ এবং সাংঘর্ষিক কার্যক্রম পরিহার করে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেয়া উচিত। তা না হলে দেশের ভাবমূর্তি ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। রবিবার বসুন্ধরা সিটিতে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘পাবলিক পার্লামেন্ট’ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছায়া সংসদের আদলে আয়োজিত প্রতিযোগিতায় মক স্পিকার হিসেবে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটিএন বাংলার পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহম্মেদ প্রমুখ। ব্রিটিশ হাইকমিশনার বলেন, আমি সব সময় বাংলাদেশের নতুন প্রজন্মের কথা শুনতে চাই। তারাই এই দেশের ভবিষ্যত্। তাদের কণ্ঠস্বর শুনতেই আমি এখানে এসেছি। তাদের এই যুক্তির চর্চা সহিংসতার বিপরীতে অবস্থানই নিশ্চিত করে। যেখানে বিরোধী মত ও পথকে গুরুত্ব দিয়ে বাকস্বাধীনতার প্রতি শ্রদ্ধা, অন্যকে শোনা এবং সত্যকে শ্রদ্ধা করে সিদ্ধান্ত গ্রহণে সঠিক পথ বেছে নেয়া যায়। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজ দেশের রাজনৈতিক, সামাজিক বিষয় সম্পর্কে যেমন অবগত তেমনি তারা সচেতনও। তরুণ সমাজের মধ্যে গণতন্ত্রের চর্চা যত বেশি অব্যাহত থাকবে তারা ততই এগিয়ে যাবে। ‘যুক্তির রঙে আঁকি মুক্তির পথ’ শ্লোগানকে সামনে রেখে ‘সামাজিক মূল্যবোধের অবক্ষয় ও চলমান সহিংসতা’ শীর্ষক উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিরোধী দল নর্থ সাউথ ইউনিভার্সিটিকে পরাজিত করে। সরকারি দলের বক্তা ছিলেন- মু. আজিজুর রহমান খান, মু. ইমরান হোসেন ও জান্নাতুল ফেরদৌস। বিরোধী দলের বক্তা ছিলেন- মুহিত হাসান, রাকিব রহমান এবং তাওহিদ চৌধুরী।