পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীদের আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। গতকাল সোমবার সদ্য ঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির নেতাদের নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা ছাড়াও রাজধানীর বিভিন্ন শাখার নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তবে আন্দোলনরত নেতাকর্মীদের কাউকে সেখানে দেখা যায়নি। এর আগে ছাত্রলীগের পূর্ণাঙ্গ ৩০১ সদস্যবিশিষ্ট কমিটি থেকে বিতর্কিতদের বাদ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান করবেন বলে ঘোষণা দেন ছাত্রলীগের পদবঞ্চিতরা। দাবি না মানা হলে পবিত্র ঈদুল ফিতরের দিনও সেখানে অবস্থান করবেন বলে তারা জানিয়েছেন।
নতুন কমিটি ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দেয়ার পর পদবঞ্চিতরা রাজু ভাস্কর্যে তাত্ক্ষণিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ছাত্রলীগে পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত, মাদকাসক্ত, অছাত্রদের-অনুপ্রবেশকারীদের অবস্থান আছে অভিযোগ করে গত ১৩ তারিখ পূর্ণাঙ্গ কমিটিতে দেওয়ার পর থেকে এই অংশটি আন্দোলন করছেন। আগের রাতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে যাওয়া হবে এমন খবরে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নেন। সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ছাত্রলীগের গত কমিটির উপদপ্তর সম্পাদক শেখ নকিবুল ইসলাম সুমন বলেন, ‘আমরা এখানে অবস্থান করব, ঈদ আমরা ঢাকায় করার প্রস্তুতি নিয়েছি। যদি আমাদের এই সমস্যার সুষ্ঠু সমাধান না দেওয়া হয় তাহলে রাজু ভাস্কর্যে অবস্থান করব। ঈদের দিন আমরা রাজু ভাস্কর্যে থাকব।’
