শ্রীলংকায় সেনাপ্রধান গ্রেপ্তার

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৭:১২

গৃহযুদ্ধের সময় ১১ তরুণকে অপহরণ ও খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কার সেনাপ্রধান রবীন্দ্র উইজগুনরত্নকে আটক করা হয়েছে। বুধবার আদালতে হাজির হলে তাকে আটক করা হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

জানা যায়, গ্রেপ্তার এড়াতে দুই মাস পালিয়ে বেড়ানোর পর অবশেষে আদালতে হাজির হন উইজগুনরত্নকে। দেশটিতে ২৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় ১১ তরুণকে অপহরণ ও খুনের ঘটনার সাথে উইজগুনরত্নের সম্পৃক্ততা পাওয়া যায়। এ কারণেই তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলো আদালত।

নির্দেশনা অনুযায়ী আসছে ৫ ডিসেম্বর পর্যন্ত আটক থাকবেন শ্রীলঙ্কার এই সেনাপ্রধান। এই সময়ের মধ্যে তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আরও তদন্ত করা হবে।

দেশটিরর বিচারক রাঙ্গা দিশানায়েকে বলেন, উইজগুনরত্নে তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত পুলিশ হেফাজতে থাকতে হবে তাকে।

আরও পড়ুনঃ শ্রীলংকায় প্রধানমন্ত্রীর বেতন বন্ধ করে দিল সংসদ

অতীতে শ্রীলঙ্কায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিয়ে সম্প্রতি তদন্ত শুরু হয়েছে। এ কারণেই  ২০০৮ সালের অপহরণের ঘটনাটি নতুন করে সামনে এলো।

১১ তরুণ অপহরণ ও খুন হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেছিল আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার সংগঠন। ২০০৮ সালে শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ চলার সময় ওই ঘটনা ঘটে।

ইত্তেফাক/টিএস