বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় পাঁচজন নিহত

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:০০
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনাসহ পৃথক ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। দেবহাটায় গৃহবধূর মৃত্যু সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর মোড়ে গতকাল মঙ্গলবার দুপুরে ট্রাকের ধাক্কায় ময়না খাতুন নামে এক গৃহবধূ মারা গেছেন। এসময় নিহতের স্বামী মোশাররফ হোসেন ও ছেলে মারফ হোসেনও আহত হন। নিহত ময়না স্বামীর সাথে মোটর সাইকেলযোগে সাতক্ষীরা যাচ্ছিলেন। আহতদের সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোহনগঞ্জে স্কুল ছাত্রের মৃত্যু নেত্রকোনার মোহনগঞ্জের পালগাঁও এলাকায় গত সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় সাদি (১৩) নামে এক স্কুল ছাত্র মারা গেছে। সে পালগাঁও গ্রামের সাইকুল ইসলামের ছেলে ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। নবীনগরে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নবীপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে ইয়াছিমন মিয়া (২৭) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। খামারের ময়লা পরিষ্কারের সময় বিদ্যুতের তারে জড়িয়ে তিনি গুরুতর আহত হন। উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আটঘরিয়ায় বজ্রপাতে শিশুর মৃত্যু পাবনার আটঘরিয়ার ষাটগাছা গ্রামে গত সোমবার সন্ধ্যায় বজ্রপাতে বকুল হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যায় বাড়ির বাহির থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। কিশোরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কাচারীপাড়া গ্রামে পুকুরে ডুবে গতকাল মঙ্গলবার সকালে মিম আক্তার (৩) নামে এক শিশু মারা গেছে। পুকুর পাড়ে খেলার সময় মিম পা পিছলে পুকুরে পড়ে যায়। বিশ্বনাথ থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালারগাঁও এলাকায় গতকাল মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথ থানার ওসিসহ পুলিশের ৬ সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন— বিশ্বনাথ থানার ওসি মো. রফিকুল হোসেন, এসআই টিপু, কনস্টেবল দিবাকর, নাজমুল ইসলাম, ইমামুল হোসেন ও গাড়ি চালক সামসুল ইসলাম। আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের পিকআপ গাড়িটি নিয়ন্ত্রণে হারিয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে দুর্ঘটনা ঘটে। থানার এসআই ছায়েদুর রহমান বলেন, আহতদের মধ্যে কনস্টেবল দিবাকরের অবস্থা আশঙ্কাজনক।