রাজশাহীসহ তিন জেলায় শিবিরের ঢিলেঢালা হরতাল

আপডেট : ১৭ জুন ২০১৪, ২১:৫৬
রাবি ক্যাম্পাসে চাপা আতংক রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলায় মঙ্গলবার শিবিরের অর্ধদিবস হরতাল ঢিলেঢালা পালিত হয়েছে। হরতালকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার পর শিবির নেতাকর্মীরা রাজশাহী মহানগরী জুড়ে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ঘটনালেও মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল চলাকালে নগরীতে বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর বিভিন্ন সড়কে শিবির নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিক্ষোভ ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে চাপা শিবির আতঙ্ক বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এমনকি ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যেও শিবিরের হামলা ও নাশকতার আশঙ্কা বিরাজ করছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, সোমবার বিকাল থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং ছেলেদের ১১টি আবাসিক হলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আবাসিক ছাত্র ব্যতীত কাউকে হলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশি নিরাপত্তায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে। পুলিশি নিরাপত্তা সত্ত্বেও সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা স্বস্তিতে নেই। মঙ্গলবার প্রশাসন ভবন ছাড়া সকল ভবনে তালা ঝুলতে দেখা গেছে। প্রশাসন ভবনেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল কম। এছাড়া কোনো বিভাগে ক্লাস পরীক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৬টায় কাজলা ও অক্ট্রয় মোড়ে শিবির নেতাকর্মীরা মিছিল সমাবেশ করে। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে। এছাড়া নগরীর দেবীশিংপাড়া, দাশপুকুর, ভদ্রাসহ বিভিন্ন এলাকায় শিবির নেতাকর্মীরা বিক্ষোভ-সমাবেশ করেছে। তবে কোথাও বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালে নগরীজুড়ে সতর্ক অবস্থানে ছিল পুলিশ। প্রধান সড়কে টহল দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দূরপাল্লার ও আন্ত:জেলা বাস-ট্রাক চলেনি। রিকশা, অটোরিকশা চলাচল করেছে তবে সংখ্যায় কম। তবে রাজশাহী থেকে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। নগরীর অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা হয়নি। বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান ও বিপণি বিতান। ব্যাংকসহ আর্থিক ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ফটক বন্ধ রেখে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। এরআগে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর উপকণ্ঠ দেওয়ানপাড়ায় শিবিরের নেতাকর্মীদের মিছিল থেকে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। একই সময়ে নগরীর আরডিএ মার্কেটের সামনে ৩টি অটোরিকশায় (ব্যাটারি চালিত ইজিবাইক) আগুন ধরিয়ে দেয় শিবির নেতাকর্মীরা। মহানগরীর হড়গ্রামে পুলিশি বাধায় শিবিরের মিছিল পণ্ড হয়ে যায়। রাত পৌনে ৮টায় নগরীর অক্ট্রয় মোড়ে শিবিরের ইটপাটকেলের জবাবে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনায় সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় থেকে পুলিশ শিবির কর্মী সন্দেহে ১৩ জনকে আটক করেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় মহানগরী জুড়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।