বিশ্বকাপে বড় দুশ্চিন্তা বৃষ্টি ও পাতানো খেলা

আপডেট : ২৮ মে ২০১৯, ০৯:০৩

ইংলিশ গ্রীষ্মের শুরুতে মাঝে মাঝেই বৃষ্টি সে দেশের কবিদের মন দ্রবীভূত করে ফেলে। কিন্তু এই বৃষ্টিই এবার ক্রিকেট দর্শকদের জন্য বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। কেননা এই সময়ের বিশ্বকাপের ম্যাচগুলোতে হানা দিতে পারে বৃষ্টি। এছাড়া বৃষ্টির সঙ্গে বিশ্বকাপের বড় শত্রু হয়ে উঠতে পারে ম্যাচ পাতানোর সমস্যা। শত্রু হতে পারে বিশ্বজুড়ে চলতে থাকা সন্ত্রাসবাদী তত্পরতাও। আর এসব বিষয় নিয়ে বাকিদের মতো কমবেশি চিন্তিত আইসিসি নিজেও। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বিবিসির সঙ্গে আলাপকালে বলেন, তারা এসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছেন এবং যা করণীয় করছেন।

 

 

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে। আর সেই প্রস্তুতি ম্যাচে এরই মধ্যে থাবা বসাতে শুরু করেছে বৃষ্টি। রবিবার বাংলাদেশ-পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ দুটো ম্যাচ ছিলো সূচিতে। দুটোতেই কম বেশি বৃষ্টির ছোঁয়া লাগে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি বাতিলই হয়ে যায়। এখন আশঙ্কা করা হচ্ছে, মূল টুর্নামেন্টেও অন্তত শুরুর দিকে বেশকিছু ম্যাচ এরকম বৃষ্টিতে ভেসে যেতে পারে।

 

আইসিসি আগেই জানিয়ে দিয়েছে, টুর্নামেন্টের প্রথম পর্বে কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। ফলে প্রথম পর্বে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি হবে। কোনো দলের ৯টা ম্যাচের ১-২টা ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে, সেটাই ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। যেহেতু লম্বা টুর্নামেন্ট, তাই এখানে ১-২ পয়েন্টের ব্যবধানে দলগুলোর অবস্থান নির্ধারিত হতে পারে। বিশেষ করে ফেবারিট দলগুলো এ নিয়ে খুব চিন্তায় আছে। তবে আশার কথা হলো, সেমিফাইনাল ও ফাইনালে রিজার্ভ ডে আছে। বৃষ্টিতে নির্দিষ্ট দিনে খেলা শেষ করা সম্ভব না হলে পরেরদিন হবে ওই ম্যাচগুলো। তবে আইসিসি বলেছে, নির্দিষ্ট দিনে ওভার কমিয়ে হলেও খেলা শেষ করার চেষ্টাই প্রথমে করা হবে।

 

এনিয়ে রিচার্ডসন বলেন, আসরে এমন কিছু জিনিস থাকে, যা কারো নিয়ন্ত্রণে থাকে না, ‘যেমন আবহাওয়া। আমরা আবহাওয়া নিয়ন্ত্রণ করতে পারবো না’। অর্থাত্ বিশ্বকাপের চলতি আসরের কিছু ম্যাচ যে খারাপ আবহাওয়ার খপ্পরে পড়তে পারে, তার আভাস তিনি আগেই দিয়ে রাখছেন।

 

মাত্র কিছুদিন আগেই নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দল সাক্ষী হয়েছে ভয়াবহ এক সন্ত্রাসী আক্রমণের। মসজিদে হয়েছিলো সেই ভয়াবহ হামলা। এমন হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আইসিসির প্রধান নির্বাহী জানান, নিরাপত্তা নিয়ে ইতিমধ্যে সন্তোষজনক ব্যবস্থা নেয়া হয়েছে, বিশ্বজুড়ে এটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা জানি। আমরা ঝুঁকি কমিয়ে আনছি।

 

এই দুই সমস্যার পাশাপাশি আছে ম্যাচ পাতানোর সমস্যা। এখনো আইসিসির সব সক্রিয়তার পরও ম্যাচ পাতানোর ছায়া ক্রিকেট থেকে সরে যায়নি। তবে ম্যাচ পাতানোর ইস্যুতে নিজেদের খুব শক্ত অবস্থানের কথা ব্যক্ত করেছেন ডেভ রিচার্ডসন। ‘শেষ ১২ মাসে দুর্নীতি দমন ইউনিটের কাজ চোখে পড়ার মতো, আমরা জানি কারা এসব করছে। তারা যাতে বিশ্বকাপের কোনো জায়গায় ঠাঁই না পায়, সে ব্যবস্থা করা হয়েছে।’

আরো পড়ুন : অলির বক্তব্যে অস্বস্তি বিএনপিতে, ঐক্যফ্রন্ট ছাড়ছেন কাদের সিদ্দিকী

এসব সমস্যার পাশাপাশি দলগুলোর আরেক চিন্তা হয়ে দাঁড়িয়েছে চোট। ইংল্যান্ড এবার বিশ্বকাপের বড় ফেবারিট দল। কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই প্রস্তুতি ম্যাচে ছোটখাটো চোট পেয়েছেন তাদের অন্তত তিনজন খেলোয়াড়-অধিনায়ক এউইন মরগ্যান, ফাস্ট বোলার জোফরা আর্চার ও মার্ক উড। সতর্কতা হিসেবে তাদের পরের প্রস্তুতি ম্যাচে খেলানো হবে না। ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্করও চোট পেয়েছেন। তবে জানানো হয়েছে, তার চোট গুরুতর নয়। পাকিস্তানের মোহাম্মদ আমিরসহ কয়েকজন খেলোয়াড় অসুস্থ।

 

বাংলাদেশ শিবিরেও ছোটখাটো চোট বিষয়ক সমস্যা আছে। সাকিব আল হাসান, রুবেল হোসেন ও মাহমুদউল্লাহ রিয়াদ এখনো পুরোপুরি ফিট নন। তাই প্রস্তুতি ম্যাচ দুটিতে তাদের দেখা যাওয়ার সম্ভাবনা কম। সব দলই এখন ইনজুরি এড়ানোর ভাবনা নিয়ে ব্যস্ত।

 

ইত্তেফাক/ইউবি