উড়ন্ত ডাচদের রুখতে চায় অস্ট্রেলিয়া

আপডেট : ১৭ জুন ২০১৪, ২২:০৮
অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যাথু লেকি মনে করেন, আজ বুধবার নেদারল্যান্ডের বিপক্ষে এবারের বিশ্বকাপের সেরা অঘটনটি ঘটাতে পারবে তার দল। ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রোয় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হবে খেলাটি। ডাচ দলটি নিজেদের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে। বিশ্বকাপের শেষ ষোলতে নাম লেখাতে হলে ডাচ দলটির বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই সকারুজদের সামনে। কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা চিলির কাছে ৩-১ গোলে হেরেছে। চিলির কাছে প্রথম ১৫ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ার পরও অজিরা নিজেদের জানান দিতে সক্ষম হয়েছে উল্লে¬খ করে লেকি ডাচদেরকেও কঠিন প্রতিরোধের মুখে ফেলতে পারবেন বলে মত দেন। তিনি বলেন, ‘আমি মনে করি না চিলিয়ানরা এরকম একটি কঠিন ম্যাচ প্রত্যাশা করেছিল। আশা করি হল্যান্ডও এই ম্যাচ থেকে ধারণা নিয়ে নিজেদের আরেকবার পর্যালোচনা করে দেখবে। আমরা তাদের এমন ভাবে আঘাত করবো, যা তারা প্রত্যাশা করেনি। আশা করি, যখনই কোন সুযোগ পাব আমরা তাত্ক্ষণিকভাবে সেটির সদ্ব্যাবহার করবো।’ অজি স্ট্রাইকারটি বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা নিয়েই মাঠে নামবো। চিলির বিপক্ষে শেষ ৭০ মিনিট আমরা যেভাবে খেলেছি সেভাবেই ডাচদের বিপক্ষে লড়বো। আশা করি, এভাবেই আমরা জয়ের পথ খুঁজে পাবো।’ এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিশাল ব্যবধানে হারিয়ে গত বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী হল্যান্ড। তারকা খেলোয়াড় আরিয়েন রোবেন ও রবিন ফন পার্সি দু’টি করে গোল করেছেন ওই ম্যাচে। তারপরও তাদের অধিনায়ক ফন পার্সি মনে করেন, অতীত অভিজ্ঞতা বলছে, তাদের অতিমাত্রায় আত্মবিশ্বাসী হওয়া উচিত হবে না। তিনি ফিফা ডট কমকে বলেন, ‘টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমরা অসাধারণ একটি জয় পেয়েছি। কিন্তু শিরোপার জন্য আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটি আমার পঞ্চম টুর্নামেন্ট এবং আমি জানি বিষয়গুলো কিভাবে কাজ করে। এই আনন্দ যত বেশি হয় তত দ্রুতই শেষ হয়ে যায়। তাই আমরা যেটি অর্জন করেছি নিশ্চিতভাবে সেটি ধরে রাখতে হবে। শুধুমাত্র জনগণ ও সমর্থকদের জন্য নয়, নিজেদের জন্য হলেও সেটি করতে হবে।’ ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার মনে করেন, অস্ট্রেলিয়ার জন্য তাদের কোচ লুই ফন গল ভিন্ন কর্মপদ্ধতি ঠিক করে রেখেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে এবং আমি মনে করি আমরা বিপুলসংখ্যক মানুষকে খুশি করতে পেরেছি। আমি উত্সবে মত্ত বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের ছবি দেখেছি। এটি আমাদের গর্বিত করেছে। তবে আমি বলতে চাই, সেখান থেকে আমরা প্রথম তিন পয়েন্ট অর্জন করেছি মাত্র। এখন আমাদের দৃষ্টি দিতে হবে অস্ট্রেলিয়ার প্রতি। আমি মনে করি এটি হবে ভিন্ন একটি ম্যাচ।’-বাসস/এএফপি