কার্ডিফে কাল এক ফোঁটাও বৃষ্টি ঝরেনি। বৃষ্টি বাগড়ায় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল।আজ মঙ্গলবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোফিয়া গার্ডেনসের কার্ডিফ ওয়েলস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। প্রস্তুতি ম্যাচ হলেও একে হালকাভাবে নিচ্ছে না টাইগার বাহিনী।
অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে অলরাউন্ডার সাইফউদ্দিন জানালেন, প্রস্তুতি ম্যাচ হলেও ভারতের বিপক্ষে তারা জয় ছাড়া আর কিছু ভাবছেন না। প্রস্তুতি ম্যাচে শক্তিশালী ভারতকে হারানোর অর্থ—বিশ্বকাপে আরো বাড়তি মনোবল, বাড়তি অনুপ্রেরণা। তাই আজ জয়ের জন্যই মাঠে নামবেন তারা। সাইফউদ্দিন বলেন, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। সেটা প্রস্তুতি ম্যাচ বা টুর্নামেন্ট ম্যাচ যেটাই হোক না কেন। খেলায় জয়ের কোনো বিকল্প নেই। আমরা বৃষ্টির জন্য গত ম্যাচটা খেলতে পারিনি। তাই ভারতের সঙ্গে ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্য আরেকটা সুযোগ পাচ্ছি। আমাদের প্রতিটা খেলোয়াড়ই জয়ের জন্য মাঠে নামবে।’
আরও পড়ুন : নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ
ইদানিং বেশ ভালোভাবেই নিজেকে প্রমাণ করছেন সাইফউদ্দিন। এটা তাকে কতটা আত্মবিশ্বাস দিচ্ছে জানতে চাইলে বলেন, ‘আসলে শুরুতে নিজেকে ওইভাবে মেলে ধরতে পারিনি। তবে বিপিএল থেকে শুরু করে জাতীয় লীগে ক্রমাগত ভালো করেছি। সামনে বিশ্বকাপ। এখানে অনেক শক্তিশালী প্রতিপক্ষ, অনেক ভালো ভালো ব্যাটসম্যান। এমন একটি বড় আসরে যদি নিজেকে তুলে ধরতে পারি তবে অনেক ভালো লাগবে।’
ভারতের সঙ্গে সাম্প্রতিক টানা পরাজয়ের পর কার্ডিফের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে কী ভাবছে সাইফউদ্দিন বা তার দল? এটা কি ভারতের ব্যাপারে দলের মানসিক শক্তিকে বাড়ানোর একটা সুযোগ কি না। এমন প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার বলেন, ‘ভারতের সঙ্গে গত ম্যাচগুলো একেবারে শেষ মুহূর্তে গিয়ে আমরা হেরেছি। যদিও আমি ভারতের সঙ্গে এর আগে কখনো খেলিনি। কার্ডিফেই প্রথমবার ভারতের বিরুদ্ধে খেলতে পারি; যদি টিম ম্যানেজমেন্ট চায়। সত্যি বলতে কি আমি ভারতের সঙ্গে খেলার জন্য খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। এটা আমার ছোটবেলায় দেখা স্বপ্ন। ভালো বা খারাপ আল্লাহর হাতে। চেষ্টা করবো নিজের শতভাগ উজাড় করে খেলার জন্য। আর তাছাড়া ভারতের সঙ্গে টুর্নামেন্টের শেষের দিকে আমাদের আরো একটা ম্যাচ আছে। তাই প্রস্তুতি ম্যাচে যদি ভালো কিছু করতে পারি তাহলে মূল পর্বে আমাদের জন্য বাড়তি প্রেরণা হবে।’
বোলার হিসেবে কাকে অনুসরণ করেন সাইফউদ্দিন, এমন প্রশ্নের উত্তরে জানালেন, ‘প্রত্যেকটা বোলারেরই নিজস্ব কৌশল থাকে। আমিও আমার নিজের কৌশল অনুযায়ী বল করি। নিজের ওপর আস্থা রেখেই বোলিং করি। কোনোদিন সফল হই আবার কোনো দিন হই না।’
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ জয় বিশ্বকাপে কতটা প্রেরণা জোগাবে জানতে চাইলে সাইফউদ্দিন বলেন, ‘আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের কন্ডিশন প্রায় কাছাকাছি। তবে উইকেট নিশ্চয়ই আলাদা থাকবে। কিছুটা চ্যালেঞ্জিং উইকেট হবে এখানে। তারপরও আমরা সবাই জানি ভালো বল করলে সব জায়গায়ই ভালো উইকেট পাওয়া যায়। আমাদের বোলাররা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করে তাহলে আমরাও এখানে ভালো কিছু করবো বলে আমি আশাবাদী। প্রতিপক্ষকে ২৫০-৩০০ রানের মধ্যে আটকে রাখতে পারলে তা চেজ করা আমাদের ব্যাটসম্যানদের জন্য সহজ হবে।’
ইত্তেফাক/কেআই
