রাষ্ট্রপতির অপারগতায় নিউইয়র্কে সংবর্ধনা বাতিল

আপডেট : ১৮ জুন ২০১৪, ২০:৪৫
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে কোন্দল ‘সার্বজনীন’ ব্যানারে আয়োজন করলেও দলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র কোন্দলের কারণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে যেতে শেষ মুহূর্তে অপারগতা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। ফলে পূর্ব নির্ধারিত সংবর্ধনা অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার নিজ জেলা কিশোরগঞ্জের প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। সংবর্ধনা বাতিল হওয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান মঙ্গলবার বিকালে এক সাংবাদিক সম্মেলন করে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করায় প্রবাসী বাংলাদেশিদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। তবে এ ঘটনার জন্য তিনি জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনকে দায়ী করেছেন। সম্মেলনে ড. সিদ্দিক অভিযোগ করেন, ড. মোমেন রাষ্ট্রপতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছেন। এদিকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের কাছে সংবর্ধনা বাতিল হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারটি তার এখতিয়ারের বাইরে। এ প্রসঙ্গে তিনি কিছু বলতে অপারগতা জানান। পরে নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান ইত্তেফাককে জানান, রাষ্ট্রপতি সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন না। কী কারণে যাচ্ছেন না তা তিনি জানাতে পারেননি। এদিকে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কমান্ডার নূরন্নবী মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন, রাষ্ট্রপতিকে বিব্রত করতেই বিতর্কিত কিছু লোককে সংবর্ধনা কমিটিতে রাখা হয়েছে, যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি।