নারায়ণগঞ্জে কাপড়ের মার্কেটে শতাধিক দোকান পুড়ে ছাই

আপডেট : ১৮ জুন ২০১৪, ২২:১৩
নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেল গেট সংলগ্ন দেওভোগ কাপড়ের মার্কেটে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ১১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছে দোকানিরা। আসন্ন ঈদ উপলক্ষে তারা বিপুল পরিমাণ তৈরি পোশাক মজুদ করেছিল। আগুন নিভাতে গিয়ে আহত হয়েছে অন্তত ৫জন। এদিকে ক্ষতিগ্রস্ত প্রতিটি দোকান মালিককে অস্থায়ীভাবে দোকান তৈরি করে ব্যবসা শুরু করার জন্য সাময়িকভাবে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়ার ঘোষণা দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি সেলিম ওসমান। এ অনুদানের টাকা সম্পূর্ণ নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস বহন করবে। ফায়ার সার্ভিস, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২নম্বর রেল গেট সংলগ্ন দেওভোগে ভূইয়া, সোহরাওয়ার্দী ও রহমান নামের তিনটি কাপড়ের মার্কেট অবস্থিত যা কাটা কাপড়ের মার্কেট হিসেবেই পরিচিত। এসব ঘরে মূলত তৈরি পোশাক বিশেষ করে হোসিয়ারি পণ্য বিক্রি করা হতো। এছাড়া অনেক ঘরে ছিল পোশাক তৈরির কারখানা। বুধবার ভোর ৪টার দিকে একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত ঘটে। দোকানগুলোতে কাপড় ঠাসা থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের এবং ডেমরা ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দমকল বাহিনীকেও আগুন নিভাতে বেশ বেগ পেতে হয়। প্রচণ্ড ধোঁয়ার কারণে মার্কেটের ভেতরে তারা প্রথমাবস্থায় প্রবেশ করতে পারেনি। সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আসে। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মমতাজ হোসেন জানান, কতগুলো দোকান ঘর পুড়েছে ও ক্ষতির পরিমাণ তাত্ক্ষণিকভাকে নির্ণয় করা যায়নি।