নড়াইলের লোহাগড়ার মধুমতি নদীর কালনা ফেরিঘাটে ৭টি ট্রাক ২টি পিকআপ ও ১টি মাইক্রোবাসসহ ফেরি ডুবে গেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। জানা যায়, বুধবার রাত ৩টার দিকে কালনা ঘাটের পূর্বপাড় হতে ৭টি ট্রাক, ২টি পিকআপ ও ১টি মাইক্রোবাস নিয়ে ফেরিটি পশ্চিম পাড়ে আসতে থাকে। ফেরিটি নদী তীরে পৌঁছানোর আগেই পেছনের দিকে ডুবে একটি ট্রাক নদীতে পড়ে যায়। পরে চালকরা কোনোরকমে পন্টুনের সাথে ফেরিটি বেঁধে বাকি যানবাহন নদীতে পড়া থেকে রক্ষা করে। এলাকার লোকজন মাইক্রোবাস আর ছোট পিকআপ দুটি রশি বেঁধে টেনে উদ্ধার করলেও ট্রাকগুলো পণ্য বোঝাই হওয়ায় ভারী যন্ত্রপাতি ছাড়া উদ্ধার করা সম্ভব নয় বলে জানা যায়। ট্রাক শ্রমিকদের অভিযোগ, পণ্য বোঝাই ৭টি গাড়ি ফেরিতে ওঠার পর থেকেই পানি উঠতে থাকে। তারা কয়েকটি গাড়ি নামিয়ে ফেরি চালাতে বললেও তাতে কর্ণপাত না করে ফেরি ছেড়ে দেয়া হয়। ফেরির পানি নিষ্কাশনের পামপ বন্ধ থাকায় ভেতরে জমা পানিতে ফেরিটি দ্রুত ডুবে যায়। এদিকে নদীর দু’পাড়ে আটকা পড়া অর্ধশতাধিক যানবাহন ৫ ঘণ্টা পর বিকল্প ফেরি দিয়ে পার করা শুরু হয়েছে।
