রূপগঞ্জে স্থানীয়দের সহায়তায় আসামির পলায়ন!

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের ইছাখালী এলাকা থেকে গত বুধবার রাত ১১টায় রূপগঞ্জ থানা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পুলিশ পুনরায় আসামিকে গ্রেফতারের চেষ্টা করলে ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত ১০টার দিকে ইছাখালী এলাকার আব্দুল মালেকের ছেলে আজিমকে মাদক ব্যবসার অভিযোগে রূপগঞ্জ থানা পুলিশ আটক করে। তাকে হাতকড়া পরিয়ে ভ্যানে করে উপজেলার চনপাড়া এলাকায় যায় পুলিশ। সেখান থেকে থানায় ফেরার পথে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেলসহ ৩০ থেকে ৩৫জন নেতাকর্মী পুলিশের গাড়ি আটক করে। পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের কথা কাটাকাটির এক পর্যায়ে আটককৃত আজিম হাতকড়াসহ পালিয়ে যায়। রূপগঞ্জ থানার ওসি আসাদুজ্জামান মীর জানান, আজিমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। স্থানীয় লোকজন আটককৃত আজিমকে হাতকড়াসহ পালানোর সুযোগ করে দেয়। পরে ছাত্রলীগ নেতাকর্মীরা হাতকড়া থানায় ফেরত দেয়।