বাংলাদেশি ছাত্রের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে অভিযোগ গঠন

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১৪
জঙ্গিদের সহযোগিতার অভিযোগে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বাংলাদেশিসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে লস এঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। অভিযুক্ত রাহাতুল আশিকিম খান এবং মাইকেল টড উলফ উভয়ের বয়স ২৩ বছর। মঙ্গলবার টেক্সাসের অস্টিনের কাছ থেকে সেন্ট্রাল টেক্সাস জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্সের কর্মকর্তারা তাদের আটক করে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বস্তুগত সহায়তা দেয়ার অভিযোগ আনা হয়েছে। আদালতের অভিযোগে বলা হয়, আশিকিম খান একজন বাংলাদেশি। তিনি টেক্সাসের রাউন্ড রকে বসবাস করেন। তার সম্পর্কে মার্কিন এটর্নি জেনারেলের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, খান সহিংস জিহাদের পাশাপাশি বিদেশি জঙ্গিদের সহায়তার জন্য লোক ভেড়ানোর ষড়যন্ত্র করেছিলেন। খানকে তার বাড়ি থেকে এবং উলফকে ইউরোপের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগের সময় এয়ারপোর্ট থেকে আটক করা হয়। আদালতের তথ্য অনুযায়ী আশিকিম ২০০২ সালে মার্কিন নাগরিকত্ব লাভ করেন। তিনি অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের ফুল টাইম ছাত্র। তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি একটি অনলাইন চ্যাটে অংশ নিতেন। এর মাধ্যমে তিনি সন্ত্রাসী কাজে অংশ নিতে লোক বাছাই করতেন। একজন ইনফরম্যান্টের সঙ্গে যোগাযোগ কালে ২০১১ সালে এটা তাকে করতে দেখা যায়। সেই থেকে এফবিআই পিছু নেয় তার। অশিকিম ওই ইনফরম্যান্টকে বলেন যে, দুর্বল ও অভাগা বাঙালি জেহাদকে ভয় পায়। বাঙালিদের এই দুর্গতি দেখে তার মস্তিষ্কে রক্তক্ষরণ ঘটে। আশিকিমের কথায়, বাঙালি জিহাদকে ভালোবাসে না। বাঙালি জিহাদের জন্য রক্ত দিতে জানে না। মার্কিন আদালতে পেশ করা নথিতে এসব কথা বর্ণনা করা হয়েছে। অন্যদিকে উলফের সম্পর্কে বলা হয়, ২০১৩ সালের আগস্টে তার স্ত্রী একজন আন্ডারকাভার এফবিআই এজেন্টের সঙ্গে সাক্ষাত্ করেন। তিনিই এজেন্টকে বলেছিলেন, তার স্বামী একটি সহিংস জিহাদে অংশ নিতে সংকল্পবদ্ধ হয়েছেন। তিনি যে কারোর জন্য জীবন দিতে প্রস্তুত। উলফ সিরিয়ার কট্টর সন্ত্রাসীদের সঙ্গে যোগ দিয়ে ভ্রমণের পরিকল্পনা করেছিল। দীর্ঘদিন ধরে এই অভিযোগটি যুক্তরাষ্ট্রের এফবিআই ও জয়েন্ট টেরোরিজম টাস্ক ফোর্স তদন্ত করে আসছে। খান ও উলফ দোষী সাব্যস্ত হলে তাদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও সর্বোচ্চ আড়াই লাখ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। এর আগে ২০১২ সালের অক্টোবরে এফবিআই এক স্টিং অভিযান চালিয়ে ২১ বছর বয়সী কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসকে আটক করেছিল। এ অভিযোগে নাফিসকে দোষী সাব্যস্ত করে গত বছরের ১০ আগস্ট ৩০ বছর কারাদণ্ড দেয় যুক্তরাষ্ট্রের একটি আদালত।