রমজানেও ফরমালিনের বিরুদ্ধে অভিযান

আপডেট : ১৯ জুন ২০১৪, ২২:১৫
পুলিশ প্রধান (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল ও খাদ্যদ্রব্য বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে। রমজান মাসেও তা এ অভিযান চলবে। দায়িত্বশীলতার সঙ্গে এ অভিযান পরিচালনার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। গতকাল পুলিশ সদর দফতরে আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠকে তিনি আরো বলেন, পুলিশ বাহিনীর কোন সদস্যদের বিরুদ্ধে কর্তব্যে অবহেলা বা অপেশাদার আচরণের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে ওই সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে । আইজিপি সুষ্ঠু যানবাহন চলাচল ও দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নসিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন যাতে চলাচল না করে সেজন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা গ্রহণ এবং সজাগ থাকার নির্দেশ দেন। তিনি মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ প্রদর্শন করে উদ্ধার অভিযান জোরদার করতে হবে। বৈঠকের শুরুতে পুলিশ সদর দফতরের এআইজি মাহ্ফুজুর রহমান পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন। বৈঠকে পবিত্র রমজান মাসের সার্বিক আইন-শৃঙ্খলা, ট্রেন, বাস ও লঞ্চের নিরাপদ চলাচল ও যাত্রীদের নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা, ঈদ জামায়াতের নিরাপত্তা এবং জাল টাকার অপব্যবহার রোধ ইত্যাদি সম্পর্কে বিশদ আলোচনা করা হয়। এছাড়াও রাজধানীসহ সারাদেশে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কার্যকলাপ রোধে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়। রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে পকেটমার ও অজ্ঞানপার্টির তত্পরতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন। ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানের বড় বড় শহরে বিপণী বিতান ও শপিংমলগুলো সিসিটিভির আওতায় এনে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। জনসাধারণের কেনা-কাটার সুবিধার্থে এবং তারাবির নামাজের সময় অপরাধমূলক তত্পরতা প্রতিরোধে পর্যাপ্ত নৈশ টহলের ব্যবস্থা করা হবে। ব্যাংক ও অর্থলগ্নী প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুলিশ জনসাধারণকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। মহাসড়কে সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোন যানবাহন তল্ল¬াশি করবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তত্পর থেকে দায়িত্ব পালন করবে। ঈদ উদ্যাপনের জন্য ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের জন্য রেলওয়ে স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে টিকেট কালোবাজারি প্রতিরোধে পুলিশ, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ এবং কমিউনিটি পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় ঈদগাহ ময়দানসহ দেশের বিভিন্ন স্থানের ঈদ জামাতস্থলে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। রমজানের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সার্বিক সমন্বয়ের লক্ষ্যে ১৮ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টার্স এবং প্রতিটি জেলা/ইউনিটে কন্ট্রোল রুম চালু থাকবে। পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, এসবির অতিরিক্ত আইজিপি জাবেদ পাটোয়ারী, র্যাব’র মহাপরিচালক মোখলেছুর রহমান, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, সিআইডির অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান, অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, সকল পুলিশ কমিশনার, রেঞ্জ, হাইওয়ে, রেলওয়ে ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশসহ অন্যান্য ইউনিটের ডিআইজিবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লি¬ষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।