দেশের একমাত্র কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন স্থল চট্টগ্রামের হালদা নদীকে বিরূপ পরিবেশ থেকে বাঁচাতে কোনো কার্যক্রম নেই। হালদা রক্ষা কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মনজুরুল কিবরিয়া জানান, হালদার সমস্যাগুলো দূর করতে সরকারি-বেসরকারি উদ্যোগ গ্রহণ করা উচিত। হালদা নদী রক্ষায় দেশের ৭টি সংস্থার প্রতিনিধিগণ সরেজমিন তদন্ত শেষে তাদের সমন্বিত সুপারিশ সম্বলিত রিপোর্ট মত্স্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ে জমা দেয়ার প্রায় তিন মাস ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। বিশেষজ্ঞরা জানান, হালদায় প্রাকৃতিক মত্স্য প্রজননে অনিয়ম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। গত বছরের মতো এবছরও নদীতে মা মাছ নির্ধারিত সময়ের প্রায় দুই মাস পর ডিম ছেড়েছে। হালদা ধ্বংস হওয়ার প্রক্রিয়াটি ধীরগতিতে শুরু হলেও তার অন্তিম পরিণতি হবে ভয়াবহ।
হালদার প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়ার পেছনে অনেক অপরিকল্পিত তত্পরতা দায়ী। সর্বশেষ রাবার ড্যাম প্রকল্পের অধীনে ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় নদীর উজানে ২০১২ সালে এবং হারুয়ালছড়ি এলাকায় ২০১৩ সালে হালদার শাখা খালে রাবার ড্যাম তৈরির কারণে হালদার স্বাভাবিক পানি প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশের কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজননও হুমকির মুখে পড়েছে।
