২০১৩-২০১৪ অর্থ বছরে প্রধান মন্ত্রীর দপ্তর থেকে মাটি ভরাটের মাধ্যমে ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত খালিয়াজুরীর দুটি আশ্রয়ণ প্রকল্প এখন ঢেউয়ের আঘাতে ভাঙ্গনের মুখে রয়েছে। নেত্রকোনা হাওর জনপদ খালিয়াজুরী উপজেলার দুটি আশ্রয়ণ প্রকল্পে ২৭০টি ভূমিহীন পরিবারকে আশ্রয় দেয়ার লক্ষ্যে এক একটি প্রকল্প প্রায় সাড়ে ৪শ’ ফুট দৈর্ঘ্য, সাড়ে ৩শ’ ফুট প্রস্থ ও ৯ ফুট উচ্চতায় গড়ে তোলা হয়েছে। খালিয়াজুরী হেমনগর কান্দার আশ্রয়ণ প্রকল্প-১ ও আশ্রয়ণ প্রকল্প-২ নামের ঐ দুটি প্রকল্প বাস্তবায়ন করতে প্রধান মন্ত্রীর দপ্তর থেকে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি টাকা। বর্ষাকালীন সময়ে সমুদ্রসম জলরাশিতে সৃষ্ট ঢেউয়ের তাণ্ডবে লীলাভূমি হাওর জনপদের হেমনগর কান্দায় মাটি ভরাটের মাধ্যমে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হলেও বর্ষাকালীন ঢেউয়ের আঘাত থেকে ঐ প্রকল্পগুলোকে রক্ষার জন্য নির্মাণ করা হয়নি প্রকল্প প্রতিরক্ষা প্রাচীর।
মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী আসনের সংসদ সদস্য রেবেকা মমিন জানান, খালিয়াজুরীর আশ্রয়ণ প্রকল্প দুটোর প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের জন্য সরকারের উচ্চ মহলসহ সরকারি-বেসরকারি কয়েকটি সংস্থার সঙ্গে কথা হয়েছে। কিন্তু এখনো এ ব্যাপারে কেউ কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
