ইরাকে অপহূত ৪০ ভারতীয়কে নিয়ে মোদীর উদ্বেগ

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:১৩
ইরাকে ৪০ ভারতীয় অপহরণের ঘটনায় চরম উদ্বিগ্ন হয়ে পড়েছে মোদী সরকার। ১৯৯৯ সালে ইন্ডিয়ান এয়ারলাইন্সের আইসি ৮১৪ ফ্লাইট অপহরণের ঘটনার মতো পরিস্থিতি সৃষ্টি হয় কি না সেই চিন্তায় পড়ে গেছেন মোদী। অটল বিহারী বাজপেয়ীর সরকার তখন প্রচন্ড সমালোচনার মুখোমুখি হয়েছিল। লোকসভা নির্বাচনে বড় জয়ের পর মোদীর সরকারের জন্য ইরাকে ভারতীয়দের অপহরণের এই ঘটনা প্রথম কুটনৈতিক চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। ২০০৪ সালে যেভাবে তিনজন ভারতীয় ট্রাক ড্রাইভার অপহরণের পর বিপুল পরিমাণ মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করা হয়েছিল, একইভাবে মুক্তিপণ নিয়ে ভারতীয়দের মুক্তি দিতে পারে ইরাকি অপহরণকারীরা। ভারতীয় কর্মকর্তারা ২৪ ঘন্টাই বিষয়টি নিয়ে ইরাকে যোগাযোগ রাখছেন এবং এই সংকট থেকে উত্তোরণের উপায় খুঁজে চলেছেন। সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। অপহূতদের মুক্তি দিলে ভারত সরকার তাদের যেকোন স্থান থেকে আকাশপথে ফিরিয়ে আনার চেষ্টা করবে। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ নিজেই বিষয়টি তদারক করছেন।