ফুরফুরে মেজাজে আজ নামছে মেসির দল

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২১
দলের খেলার ধরন নিয়ে খোদ মেসির আপত্তি রয়েছে। সেটা নিয়ে এখানে লোকজনের মধ্যেও বেশ আলোচনা। তবে খেলার ধরন নিয়ে মতোবিরোধ যাই থাক, প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজ মানসিকভাবে ফুরফুরে ভাব নিয়েই মাঠে নামবে মেসির আর্জেন্টিনা। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা মেসির দল আজ মুখোমুখি হবে গ্রুপ পর্ব পেরোনোর স্বপ্ন দেখা ইরানের। জিততে না পারলেও প্রথম ম্যাচে এক পয়েন্ট অর্জন করেছে ইরান। এবার তাদের স্বপ্ন আর্জেন্টিনার বিপক্ষে অকল্পনীয় কিছু করে দ্বিতীয় পর্বে পা রাখা। অন্যদিকে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বসনিয়া হার্জেগোভিনাকে হারিয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে আজ বেলে হরিজোন্তের মাঠে নামবে আলেসান্দ্রো সাবেলার শিষ্যরা। তবে কোন ফরমেশনে খেলবেন তা নিয়ে এবারও কথা বলেননি কোচ। আটাশ বছর পর মেসির নেতৃত্বে আলবিসেলেস্তেরাদের সামনে এবার শিরোপা পুনরুদ্ধারের সুযোগ। সে পথেই যেন হাঁটছেন ম্যারাডোনার উত্তরসূরিরা। বিশ্বকাপের প্রতিটি ম্যাচই জমজমাট লড়াই হচ্ছে। ভাল সূচনার পর নক আউট পর্বে পথ দীর্ঘয়াতি করতে চান না ডি মারিয়া, হিগুয়েইন, আগুয়েরো, মাসচেরানোরা। আর্জেন্টিনার পথে ইরান কোনো বাধা হওয়ার কথা নয়। কারণ মাঠে দুই দলের পারফরমেন্সই ব্যবধান গড়ে দিতে পারে। এমন বিশ্বাস আর্জেন্টনাইনদের। তবুও ভাবতে হচ্ছে আলেসান্দে া সাবেলাকে। বসনিয়ার বিপক্ষে জিততে অনেকটা ঘাম ঝরেছে তার শিষ্যদের। ২-১ গোলের ঝুঁকিপূর্ণ ব্যবধান নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। বসনিয়ার বিরুদ্ধে যে খেলাটা খেলছে আর্জেন্টিনা, তাতে ম্যাচ জিতলেও খুব একটা স্বস্তি ছিল না। সাবেলার পরিকল্পনা নিয়ে মেসি নিজেও প্রশ্ন তুলেছেন। সমালোচনা হচ্ছে বাইরে থেকেও। অবশ্য অনেক আর্জেন্টাইন আবার মনে করছেন, বছরের পর বছর আক্রমণাত্মক ফুটবল খেলে শূন্য হাতে থাকা আর্জেন্টিনা শিরোপার জন্য একটু আপোষ করতেই পারে। তবে আজকের ম্যাচে চাপ বলে যদি কিছু থাকে সেটা আর্জেন্টিনার ওপর। ইরান এখানে চ্যাম্পিয়ন হতে আসেনি। যদি ইরান কোনো অঘটন গঠিয়েই ফেলে তাহলে সমালোচনা হবে আর্জেন্টিনার। আর যদি ড্র হয়ে যায় তাহলে সেটা হবে ১৯৭৭ সালের পর আবার এই দুই দলের ড্র। ওই একবারই এই দুই দল মুখোমুখি হয়েছিল কোনো প্রীতিম্যাচে। যেটি অনুধাবন করেছেন কোচ আলেসান্দে া সাবেলাও। তাই ইরানকে সহজ প্রতিপক্ষ মানছেন না তিনি, ‘প্রতিপক্ষকে হালকা ভাবলে হবে না। তারা প্রথম ম্যাচে নাইজেরিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করেছে। হিসেব করেই খেলতে হবে।’ সাবেলার এমন মন্তব্য প্রতিপক্ষের সাহস বাড়িয়ে দেবে এতে সন্দেহ নেই। ইরান কোচ কার্লোস কুইরোজ বলেই বসেছেন, ‘প্রথম ম্যাচে পয়েন্ট পেয়ে আমরা খুশি, তবে তৃপ্ত নই। আরো সামনে যেতে চাই। কিন্তু আর্জেন্টিনার কাছে হারলে আমরা দুর্বল অবস্থানে পড়ে যাব। ফুটবলাররা বোঝাপড়া করে খেললে জিতে গেলেও অবাক হবেন না। তবে আমি চাই জয়, না হলে অন্তত ড্র।’ সুপার ঈগলসদের আটকিয়ে উজ্জীবিত ইরান। ইরান বস আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, ‘এ ম্যাচকে আমরা কঠিন চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি এবং চ্যালেঞ্জিং মানসিকতা নিয়েই খেলতে চাই। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি ইরান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ।’ অন্যদিকে লিওনেল মেসিও চান জয়কে আলিঙ্গন করতে, ‘এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে, আমরা পূর্ণ পয়েন্ট নিয়ে শুরু করতে পেরেছি। এ ম্যাচেও জিততে চাই। এজন্য আমাদের আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে।’ ইরান এর আগে তিনবার বিশ্বকাপ খেলেছে- ১৯৭৮, ১৯৯৮ ও ২০০৬ সালে। একবারও গ্রুপ পর্ব পার হতে পারেনি। শুধু এক ম্যাচ জয়ের রেকর্ড আছে, ৯৮’তে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে। বিশ্বকাপ ফুটবলে ইরানের গৌরব এতোটুকুই। এবার বাছাই পর্বে ১৬ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রতে উচ্চাশা নিয়ে ব্রাজিলে এসেছে। লক্ষ্য অন্তত গ্রুপ পর্ব পেরনো। ফুটবল বাজিকররা এরই মধ্যে বলে দিয়েছেন আর্জেন্টিনার কাছে ৪ গোল খাবে ইরান। আবার কেউ বলেছেন ২-০ গোলে হারবে। ম্যাচের স্কোর লাইন কি হবে সেটা আজ রাত ১০টার পরই পরিষ্কার হতে শুরু করবে। আজকের খেলা আর্জেন্টিনা-ইরান, রাত ১০:০০ জার্মানি-ঘানা, রাত ১:০০ নাইজেরিয়া-বসনিয়া, রাত ৪:০০