বাংলাদেশিদের ভিসা ফ্রি এন্ট্রিতে আপত্তি আসামের মুখ্যমন্ত্রীর

আপডেট : ২০ জুন ২০১৪, ২২:২৭
বাংলাদেশ থেকে ১৮ বছরের নিচে ও ৬৫ বছরের ঊর্ধ্বের বয়স্কদের জন্য ভারতে ভিসা ফ্রি এন্ট্রিতে আপত্তি জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। বাংলাদেশিদের জন্য ভিসা পদ্ধতি সহজ করার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আসামের মতামত জানতে চাওয়ার পর তরুণ গগৈ এ কথা জানিয়েছেন। একইসঙ্গে বাংলাদেশিদের সিঙ্গল ভিসায় মাল্টিপল এন্ট্রির প্রস্তাবেও আপত্তি রয়েছে তার। খবর:দ্য ইকোনমিকস টাইমসের। গতকাল গুয়াহাটিতে গগৈ বলেন, সম্প্রতি তিনটি প্রস্তাবের বিষয়ে আসামের মতামত জানতে চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা-শিলং এবং গুয়াহাটি বাস চালুর প্রস্তাবও রয়েছে। তিনি বলেন, নেপালের ধরনে বাংলাদেশিদের ভিসা সুবিধা দেয়া আমাদের জন্য কঠিন হবে। কারণ এর ফলে কে বৈধ ভিসা নিয়ে ভারতে থাকছে তা খুঁজে বের করা সহজ হবে না। এছাড়া সিঙ্গল ভিসায় মাল্টিপল এন্ট্রিতেও আমাদের আপত্তি রয়েছে। তবে আমরা প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক চাই। বাস সেবা চালুতে আমাদের সম্মতি রয়েছে। মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকারের সমালোচনা করে গগৈ বলেন, তারা বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফরের প্রস্তুতি নিচ্ছে। এর আগে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার বাংলাদেশিদের কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট) দেয়ার পদক্ষেপ নিয়েছিল। বিজেপি যখন ক্ষমতায় থাকে তখন এক রকম কথা বলে আর বিরোধী দলে থাকলে বলে অন্যরকম।