৫৬ পদে কর্মরত ৩০ জন
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকে ঝালকাঠি সরকারি কলেজের শিক্ষক সংকট কাটছে না কিছুতেই। এই সমস্যা সমাধানে মন্ত্রণালয়কে তাগিদ দিয়েও প্রতিকার মিলছে না। এতে জেলার একমাত্র সরকারি এই কলেজটির শিক্ষা ব্যবস্থা মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে। এমনটাই জানালেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ মোট শিক্ষকের পদ আছে ৫৬ টি। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ থাকলেও প্রশাসনিক কাজের চাপে তারা ক্লাস নিতে পারছেন না। ৫৪টি পদের অনুকূলে বাংলা বিভাগে ৪ জন শিক্ষকের স্থানে মাত্র একজন, ইংরেজি বিভাগের ৪ টি পদের স্থলে একজন, অর্থনীতি বিভাগের ৪ টি পদের স্থলে দুজন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪ টি পদের মধ্যে ৩ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৪ জনের স্থানে দু’জন, দর্শন বিভাগের ৪ টি পদের বিপরীতে ৩জন শিক্ষক আছে।
ইতিহাস বিভাগের ৪ জনে আছে দু’জন, হিসাব বিজ্ঞান বিভাগের ৪টি পদের আছে দু’জন। ব্যবস্থাপনা বিভাগের ৪টি পদে রয়েছে দু’জন, পদার্থবিদ্যা বিভাগের ৩ টি পদে একজন, রসায়নবিদ্যা বিভাগের ৩ টি পদে একজন, গণিত বিভাগে ৪টি পদে দু’জন, প্রাণীবিদ্যা বিভাগে ৩ পদে একজন আছে। উদ্ভিদবিদ্যা বিভাগে ৩ জনে ২জন, গ্রন্থাগারিক বিভাগে লাইব্রেরিয়ান ও সহকারী লাইব্রেরিয়ান ৩টি পদই শূন্য । কলেজ অধ্যক্ষ প্রফেসর নুরুল আমীন জানান, এখানে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের পাঠদানে মারাত্মক বিঘ্ন ঘটছে। শিক্ষা মন্ত্রণালয়ে এ সমস্যা সমাধানে বারবার চিঠি দিয়েও সমাধান পাইনি।
