চকরিয়ার মার্কেটে অগ্নিকাণ্ড ঘুমন্ত কর্মচারীর মৃত্যু

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:১৩
কক্সবাজার চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই মার্কেটের ৯টি দোকান মালামালসহ পুড়ে ছাই এবং দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে মফিজুর রহমান (১৪) নামের এক দোকান কর্মচারী। মফিজ ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাহাড়পাড়া গ্রামের মো. মানিকের ছেলে। গতকাল শনিবার ভোর চারটায় স্থানীয় ইউনিয়ন পরিষদ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ব্যবসায়ীরা জানিয়েছেন, মার্কেটের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী একটি সার ডিলারের দোকান, দু’টি মুদিমালের দোকান, তিনটি কুলিং কর্ণার ও একটি মোবাইল অ্যান্ড কম্পিউটার সার্ভিসিংয়ের দোকান পুড়ে যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শরিফউদ্দিন চৌধুরী বলেন, মার্কেটের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হলে একে একে ৯টি দোকান পুড়ে গেছে। ওইসময় ভেতরে ঘুমন্ত অবস্থায় সার ডিলারের দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। আগুন দ্রুত নিয়ন্ত্রণে না আসলে আরও ব্যাপক ক্ষয়ক্ষতি হতো। চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, পুড়ে যাওয়া দোকান কর্মচারীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকলে মফিজের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।