ফতুল্লায় একই পরিবারের ৬ জন অগ্নিদগ্ধ

আপডেট : ২১ জুন ২০১৪, ২১:৫১
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ফতুল্লার দেওভোগে বাড়ৈভোগ এলাকার নূর মসজিদ সংলগ্ন একটি বাড়িতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন: আজিজার রহমান (৬০), তার স্ত্রী তবিরন বেগম (৫৫), তাদের মেয়ে তানিয়া আক্তার (১৬), তন্বি আক্তার (১২), তকিরন (৯) ও নাতনি মাহমুদা আক্তার (৭)। তানিয়া ও তন্বি স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করেন। আজিজার জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের পর ঘরে আগুন লেগে যায়। তবে কী বিস্ফোরিত হয়েছে তা তিনি বলতে পারেননি। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল জানান, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। আজিজারের শরীরের ৭০ ভাগ, তবিরনের ১৮ ভাগ, তানিয়ার ২২, তকিরনের ২৭, তন্বির ২০ ও মাহমুদার ৩০ ভাগ পুড়ে গেছে।