পরিবেশ দূষণ শিশুর সুস্থ বিকাশের অন্তরায় বলে উল্লেখ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, পরিবেশ দূষণে জাতির ভবিষ্যত কর্ণধার শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। শনিবার জাতীয় জাদুঘরে বিশ্ব পরিবেশ দিবস ২০১৪ উদ্যাপন উপলক্ষে ইয়াং উইমেন ক্রিস্টিয়ান এসোসিয়েশন আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘পরিবেশ ন্যায্যতাসম্পন্ন একটি পৃথিবী আমাদের স্বপ্ন’কে স্লোগান করে এসোসিয়েশন এ উপলক্ষে একটি শোভাযাত্রারও আয়োজন করে। নানা রকম প্ল্যাকার্ড, ফেস্টুন সজ্জিত পনেরশ’ শিশু-কিশোরের শোভাযাত্রায় জনপ্রিয় অভিনেতা ফেরদৌস ও রিয়াজ অংশগ্রহণ করেন। শোভাযাত্রার শুরুতে সকলকে পরিবেশ বান্ধব আচরণ করা ও কলকারখানা নির্মাণের উপর জোর দেয়া হয়।
