বাংলাদেশের নারী পুলিশ আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পাচ্ছে। নিজেদের যোগ্যতায় সুনাম অর্জন করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের নারী পুলিশরা অনবদ্য অবদান রাখছে। এটি দেশের নারীর ক্ষমতায়নকে আরো সুদৃঢ় করছে। এমনটাই বলেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সম্প্রতি মিরপুরে পুলিশ স্টাফ কলেজে বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের দ্বিতীয় জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নারী নির্যাতন রোধেও তারা নারী পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পদে পদে তাদের দক্ষতার সাক্ষর রাখছে। এছাড়া বর্তমানে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে বিশ্বে সপ্তম স্থানে অবস্থান করছে। নিশ্চিতভাবে এক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে।
শিরীন শারমিন চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা বাহিনীসহ সবক্ষেত্রে ভবিষ্যতে নারীদের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। তিনি বলেন, নারী পুলিশের সংখ্যা বাড়িয়ে তাদের সব রকমের সুযোগ করে দিতে হবে। সুষ্ঠু পরিবেশে কাজ করার সুযোগ দিলে তারা অপরাধ দমন করে দেশের নারী ক্ষমতায়নে আরও ভূমিকা রাখতে পারবে। বাংলাদেশ পুলিশ উইমেন্সে নেটওয়ার্কের সভাপতি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সি কিউ কে মোস্তাক আহমদ, আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রমুখ। এসময় স্পিকার বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওর্য়াকের ওয়েবসাইট উদ্বোধন করেন। তিনি সামাজিক মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে সমাজের সবক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত করার আহবান জানান।
