সরকার বিজেএমসিকে হোল্ডিং কোম্পানী এবং এর আওতাধীন সকল জুটমিলগুলোকে সাবসিডিয়ারি কোম্পানীতে রূপান্তর করার ঘোষণার প্রতিবাদে বিজেএমসির নিয়ন্ত্রাণাধীন ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে কর্মরত প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারীরা গত কয়েক দিন ধরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে।
গতকাল রবিবার মিলের সিবিএ’র নেতৃত্বে সকালে মিলের প্রায় ৫ হাজার শ্রমিক-কর্মচারী মিল গেইটের প্রধান ফটকে এক বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। মিলের সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান, সিবিএ নেতা আলম মিয়া, হারুন-অর-রশিদ ও কর্মচারীদের পক্ষে আরিফ প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানায় । নতুবা কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দেন। এদিকে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
