রায়পুরে জেলেদের মাঝে মে মাসের চাল বিতরণ হয়নি

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:১১
মেঘনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহকারী রায়পুর উপজেলার জেলেদের কাছে খাদ্য সহায়তা বাবদ সরকারি বরাদ্দ হওয়া মে মাসের চাল ২১ জুনের মধ্যেও পৌঁছেনি। নভেম্বর হতে জুন পর্যন্ত জাটকা (ইলিশ বাচ্চা) মৌসুমে টানা ৮ মাস মেঘনা নদীতে জাটকা নিধন সম্পূর্ণভাবে বন্ধ থাকে। এজন্য সরকার মার্চ হতে জুন পর্যন্ত ৪ মাস খাদ্য সহায়তা বাবদ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতি জেলেকে ৪০ কেজি করে চাল দিয়ে আসছে। যে মাসের চাল তা ঐ মাসের মধ্যেই বিতরণ করা হয়। চলতি জাটকা মৌসুমে রায়পুর উপজেলার ৬ হাজার জেলে খাদ্য সহায়তা বাবদ প্রতিমাসে ২৪০ মে. টন চাল পেয়ে আসছে। লক্ষ্মীপুর জেলা মত্স্য কর্মকর্তা মোশারফ হোসেন জানান, জেলেদেরকে চিহ্নিতকরণের অনিয়মের একটি অভিযোগ ওঠায় মে মাসের চাল বিতরণের কাজ কয়েকদিনের জন্য বন্ধ রাখা হয়েছিল। পরে চাল বিতরণ করার জন্য ৯ জুন চিঠি দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে। রায়পুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) গোলাম সরোয়ার জানান, সহসাই জেলেদের মাঝে চাল বিতরণ করা হবে। চাল উত্তোলনের ডিও (ডেলিভারি অর্ডার) ইস্যু করা হয়েছে। লক্ষ্মীপুর জেলা মত্স্যজীবী জেলে ফেডারেশনের সভাপতি মোস্তফা বেপারী জানান, মে মাসের চাল না পাওয়ায় দরিদ্র জেলেরা পরিবার-পরিজন নিয়ে দুর্ভোগে রয়েছে।