বিকাশ এজেন্টকে গুলি করে সাড়ে ১১ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২২ জুন ২০১৪, ২১:২৯
রাজধানীর উত্তরায় বিকাশের (মোবাইল ব্যাংকিং) একজন এজেন্টকে গুলি করে প্রায় সাড়ে ১১ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ বিএম মাহমুদুল আলম শাহীনকে (৩২) বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, দুইটি মোটর সাইকেলে ছিনতাইকারী মাহমুদুল আলম শাহীনের কাছে থাকা নগদ ১১ লাখ ৩৭ হাজার আটশ’ টাকা ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়। আশপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা চার রাউন্ড গুলি করে। আহত শাহীনকে গুরুতর অবস্থায় উত্তরা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে বাংলাদেশ মেডিক্যালে স্থানান্তর করা হয়। শাহীন উত্তরা ৭ নম্বর সেক্টরের ২৭ নম্বর রোডের ৫১ নম্বর হাউজের রবি’র সঙ্গে লেনদেন করা বিকাশ অফিস থেকে নগদ ১১ লাখ ৩৭ হাজার আটশ’ টাকা নিয়ে সিএনজি চালিত অটোরিকশা করে প্রাইম ব্যাংকের উত্তরা শাখায় জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের কাছে পৌঁছতেই হঠাত্ মোটরসাইকেলে ৫ ছিনতাকারী তার সিএনজির পথরোধ করে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানায়, টাকা ছিনিয়ে নেয়ার সময় ধস্তাধস্তি দেখে স্থানীয় লোকজন ছিনতাইকারীদের আটকাতে চেষ্টা করেন। এ সময় ছিনতাইকারীরা গুলি করে পালিয়ে যায়। ছিনতাইকারীদের গুলি শাহীনের পায়ে লেগেছে। উত্তরা পশ্চিম থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈনুল ইসলাম জানান, ঘটনার পর থেকে পুলিশের চেকপোস্ট ও টহল বাড়িয়ে দেয়া হয়েছে। তিনি বলেন, অপরাধীদের ধরার চেষ্টা চলছে। তিনি বলেন, বড় অংকের টাকা লেনদেনের সময় পুলিশের সহযোগিতা নেয়ার জন্য নগরবাসীকে বারবার বলা হয়।