৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হওয়াকে বৈধ হিসেবে উল্লেখ করে সম্প্রতি হাইকোর্ট রিটের যে রায় দিয়েছে তা নিয়ে মন্তব্য করায় গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সমালোচনা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুুরী মায়া বলেছেন, হাইকোর্টে গিয়ে একখান থাপ্পর খাইছেন, তাতেও লজ্জা হয়নি। এখন আবার বলেন, হাইকোর্ট পক্ষে না বললেও জনগণ পক্ষে আছে।
রবিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএনপির কিছু জ্যেষ্ঠ নেতা খালেদা জিয়ার কর্মকাণ্ডে বিরক্ত হয়ে নিস্ত্রিয় হয়েছেন। এখন তারা আওয়ামী লীগে যোগ দেয়ার জন্য গোপনে যোগাযোগ করছেন। কিন্তু আমরা ভাবছি নেব কি না।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আশাবাদ ব্যক্ত করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছাবার্তা নিয়ে ২৫ জুন সুষমা স্বরাজ বাংলাদেশে আসছেন। তার এ সফরে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ সভাপতিত্ব করেন।
