চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ১ হাজার ১৯৫ কোটি ৯১ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সিটি কর্পোরেশন মিলনায়তনে ২০১৩-১৪ অর্থ বছরের সংশোধিত বাজেটও ঘোষণা করা হয়। ২০১৩-১৪ অর্থ বছরে ঘোষিত বাজেট ছিল ১ হাজার ১০৬ কোটি ৩০ লক্ষ ৭ হাজার টাকার। গতকাল সংশোধিত বাজেট ঘোষণা করা হয় ৪৯৮ কোটি ৩৫ লক্ষ ৭ হাজার টাকা। যা ঘোষিত বাজেটের প্রায় শতকরা ৪৫ ভাগ। সিটি মেয়র এম মনজুর আলম বাজেট বক্তৃতায় বলেন, বেশ কয়েকটি বড় প্রকল্পে বরাদ্দ না পাওয়ায় ২০১৩-১৪ অর্থবছরের ঘোষিত বাজেট অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ২০১৪-১৫ অর্থ বছরের জন্য ঘোষিত বাজেটে নিজস্ব উত্স থেকে মোট প্রাপ্তি দেখানো হয়েছে ৫৬৭ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার টাকা। বাকি ৬২৮ কোটি ৫০ লক্ষ টাকা সরকারের উন্নয়ন অনুদান, ত্রাণ সাহায্য ও অন্যান্য উত্স থেকে আয় দেখানো হয়েছে। এর মধ্যে শুধুমাত্র উন্নয়ন অনুদান ধরা হয়েছে ৫৯০ কোটি টাকা।
আবার বাজেটে কর্পোরেশনের নিজস্ব আয়ের ৫৬৭ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে বকেয়া কর ও অভিকর বাবদ আদায় ধরা হয়েছে ২২৯ কোটি ৩১ লক্ষ ৫১ হাজার টাকা। হাল কর ও অভিকর বাবদ আদায় ধরা হয়েছে ১২৩ কোটি ২৫ লক্ষ ৬৯ হাজার টাকা। অন্যান্য কর আদায় ধরা হয়েছে ৮৫ কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা। ফিস বাবদ আদায় ধরা হয়েছে ৩২ কোটি ৮৬ লক্ষ ৬০ হাজার টাকা। সম্পদ অর্জিত ভাড়া আদায় ধরা হয়েছে ৬০ কোটি ৫৫ লক্ষ টাকা। সুদ থেকে ৮ কোটি টাকা। বিবিধ আয় ১৩ কোটি ৭৫ লক্ষ এবং ভর্তুকি আদায় ১৪ কোটি ১৫ লক্ষ টাকা।
২০১৪-১৫ অর্থবছরের জন্য ঘোষিত ১ হাজার ১৯৫ কোটি ৯১ লক্ষ ৩০ হাজার টাকার মধ্যে মোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় ধরা হয়েছে ৩০৩ কোটি ৩১ লক্ষ ৭০ হাজার টাকা। এছাড়া উন্নয়ন ব্যয়, বকেয়া দেনা, স্থায়ী সম্পদ ও অন্যান্য ব্যয় বাবদ ধরা হয়েছে ৮৮৯ কোটি ৫০ লক্ষ টাকা। তাছাড়া উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ৯ লক্ষ ৬০ হাজার টাকা। বাজেটে মোট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বাবদ ৩০৩ কোটি ৩১ লক্ষ ৭০ হাজার টাকার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পারিশ্রমিক ব্যয় ধরা হয়েছে ১৫৯ কোটি ৬৮ লক্ষ ২০ হাজার টাকা। তাছাড়া মেরামত ও রক্ষণাবেক্ষণে ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ২০ লক্ষ টাকা। বিদ্যুত্ , জ্বালানি ও পানি বাবদ ব্যয় ধরা হয়েছে ৩৭ কোটি ৭০ লক্ষ টাকা।
সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম বাজেট বক্তৃতা শেষে কর্পোরেশনের অর্থ ও সংস্থাপন স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম জহিরুল আলম দোভাষ খাতওয়ারী বাজেট উপস্থাপন করেন।
