ছাগলনাইয়ায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের পাশে বাঁশপাড়া এলাকায় মজুমদার সিএনজি ফিলিং স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণে বাখরাবাদ গ্যাসের ৩ কর্মকর্তাসহ মোট ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ফেনী আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেনীর সিভিল সার্জন জানিয়েছেন, আহতদের অনেকের অবস্থা আশংকাজনক। সূত্র জানায়, মেসার্স মজুমদার সিএনজি ফিলিং স্টেশনে কিছুদিন যাবত্ লাইনে গ্যাস কম আসা সংক্রান্ত জটিলতা দেখা দেয়। অভিযোগ পেয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ সার্ভিসিং করার জন্য একটি টিম পাঠায়। রবিবার সার্ভিসিং চলা অবস্থায় দুপুর ১টায় এসআরএম রুমে গ্যাসের মেইন লাইনে ভয়াবহ এক বিস্ফোরণ ঘটে। এতে রুমটির দেয়ালে ফাটল দেখা দেয় এবং বন্ধ দরজাটি উড়ে যায়। বিস্ফোরণে বাখরাবাদ গ্যাসের প্রকৌশলী ওয়াসিম (৪০), প্লান অপারেটর রফিক (৪৬), সহকারী প্রকৌশলী হারুন (৫০), প্রকৌশলী মামুনুর রশিদ চৌধুরী (২৮), বাপ্পি (১৯), হান্নান (২৭), আবদুর রহিম (৩০), জাহাঙ্গীর আলমসহ (২০) ১২ জন গুরুতর আহত হয়।
